নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। বেহাল রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও ওই রাস্তা সংস্কার হয়নি। এরই প্রতিবাদে শনিবার রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে স্কুল পড়ুয়ারা। তাদের সঙ্গে অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারাও। জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের বণিজেরহাট এলাকায় ওই পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। শেষমেশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে অবরোধকারীদের ফোনে কথা বলিয়ে দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অমিত দাস। ঠিক হয়, সোমবার ওই রাস্তা নিয়ে জলপাইগুড়ি সদরের বিডিও অফিসে বৈঠক হবে। সেখানে বাসিন্দাদের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন। এই আশ্বাস পাওয়ার পর অবরোধ ওঠে। এদিকে, স্কুল টাইমে ইউনিফর্ম পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে পড়ুয়ারা অবরোধে শামিল হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। বণিজেরহাট হাইস্কুলের টিআইসি তরুণকুমার মজুমদারের অবশ্য দাবি, যেসব পড়ুয়া এদিন অবরোধে শামিল হয়েছিল, তারা স্কুলে আসেনি। বেহাল রাস্তা নিয়ে তিনিও অবশ্য ক্ষোভ উগরে দিয়ে বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটি বেহাল। স্কুলে আসার পথে ছেলেমেয়েরা সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। প্রায়দিনই দুর্ঘটনা ঘটছে। এর আগে স্কুলের তরফেও রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনকে জানানো হয়েছিল। আশ্বাস মিললেও কাজ হয়নি।
Advertisement
বণিজেরহাট থেকে দশদরগা পর্যন্ত প্রায় আড়াই কিমি ওই বেহাল রাস্তা জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে। এদিন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রাস্তাটি ধরা রয়েছে। শীঘ্রই রাস্তাটি সারিয়ে দেওয়া হবে। বাহাদুর পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, অবরোধের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পুলিসও ছিল। কোনওভাবেই যখন অবরোধ তোলা যাচ্ছে না, তখন আমি ফোনে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে কথা বলিয়ে দিই। সোমবার বাসিন্দাদের নিয়ে ওই রাস্তার ব্যাপারে বিডিও অফিসে যাওয়া হবে বলে সিদ্ধান্ত হওয়ার পর অবরোধ ওঠে।



