নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভুল চিকিৎসা ও চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের কাশিবাটি এলাকায়। ধৃত চিকিৎসকের নাম অপূর্ব কুমার চন্দ, বাড়ি রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায়। পুলিস ধৃত চিকিৎসককে রবিবার জেলা আদালতে হাজির করলে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান বিচারক।
Advertisement
শনিবার রাতে চিকিৎসক অপূর্ব কুমার চন্দের বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানান ভোলা দাস নামে শহরের কাশিবাটি এলাকার এক বাসিন্দা। অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁর ভাগ্নে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে। বিষয়টি নিয়ে অপূর্ব কুমার চন্দ নামে এক হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন ভোলাবাবু। উপসর্গ শুনে চিকিৎসক রোগীকে বাড়িতেই তাঁর চেম্বারে নিয়ে যাওয়ার জন্য বলেন। সেখানেই ব্যথা কমানোর জন্য ওই হোমিওপ্যাথি চিকিৎসক রোগীকে একটি ইঞ্জেকশন দেন। তারপর থেকেই রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের বিরুদ্ধে ভোলাবাবুর আরও অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে সাড়ে ১২ হাজার টাকা চিকিৎসক নিয়েছেন। সেই টাকাও চিকিৎসক ফেরৎ দিচ্ছেন না। তাই তাঁকে কাশিবাটি এলাকায় ডেকে নিয়ে যান ভোলাবাবু। দেখান,তাঁর ভুল চিকিৎসার পর কীভাবে একজন রোগী কষ্ট পাচ্ছে। যদিও সমস্ত অভিযোগই মিথ্যে বলে দাবি করেছেন ধৃত চিকিৎসকের স্ত্রী বনানী চন্দ। তাঁর বক্তব্য, চাকরির জন্য নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা তদন্ত করছি।



