Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল আমলাজোড়ার রাজবাঁধ কলেজ পাড়ার মোরামের রাস্তা, পাকা করার দাবি

বেহাল আমলাজোড়ার রাজবাঁধ কলেজ পাড়ার মোরামের রাস্তা, পাকা করার দাবি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: আশপাশের বিভিন্ন এলাকার রাস্তা পাকা হলেও আমলাজোড়া পঞ্চায়েতের অন্তর্গত রাজবাঁধ কলেজপাড়ার প্রধান রাস্তাটি এখনও মোরামেরই থেকে গিয়েছে। এই পরিস্থিতিতে কলেজপাড়ার বাসিন্দারা রাস্তা পাকা করার দাবি করছেন। কারণ, অল্প বৃষ্টি হলেই এই রাস্তায় চলাফেরা দায় হয়। প্রশাসনকে একাধিকবার লিখিত আবেদন করেও লাভ হয়নি। বিষয়টি নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, ব্লকে অনেক নতুন রাস্তা হয়েছে। কিন্তু জমি জটিলতার জন্য রাস্তাটি করা যাচ্ছে না। তবে আমরা সমস্যা মেটানোর চেষ্টা করছি। 
Advertisement
আমলাজোড়া পঞ্চায়েতের রাজবাঁধ থেকে কলেজপাড়া যাওয়ার রাস্তার একটি অংশ দীর্ঘদিন ধরে খারাপ। সেই অংশটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের। কোথাও মাটি, কোথাও ইট বেরিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি পাকা হলে সহজে কলেজপাড়া পৌঁছনো যায়। কিন্তু খারাপ হওয়ার জন্য মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে রাস্তায় চলতে সমস্যা হয়। এলাকার বাসিন্দা অতুল মিস্ত্রি বলেন, ১৬৪টি পরিবার এই রাস্তাটি ব্যবহার করে। যেকোনও প্রয়োজনে রাজবাঁধ আসতে এই রাস্তাটি একমাত্র ভরসা। স্থানীয়রা বলেন, রাস্তার হাল খারাপের পাশাপাশি কোনও আলোর ব্যবস্থা নেই। ফলে রাতে যাতায়াত করতে গিয়ে সমস্যা হয়। এই বছর কলেজপাড়ায় মতুয়া সম্প্রদায়ের মানুষরা দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। রাস্তা খারাপের জন্য পুজোয় দর্শনার্থীদের আসতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এলাকার বাসিন্দারা বলেন, টোটো, মোটরভ্যান চালিয়ে অনেকে সংসার চালান। কিন্তু রাস্তা বেহাল হওয়ার জন্য গাড়ির যন্ত্রাংশ প্রায়ই খারাপ হয়। লাভের টাকা যন্ত্রাংশ মেরামত করতেই চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা মনোতোষ মণ্ডল বলেন, এই রাস্তা দিয়েই পড়ুয়ারা বিদ্যালয়ে যায়। বৃষ্টি হলে সমস্যা হয়। তাছাড়া রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। অবিলম্বে রাস্তা ঢালাই করা প্রয়োজন। এলাকার বাসিন্দা স্বপন গোঁসাই বলেন, পঞ্চায়েত ও ব্লক অফিসে রাস্তার হাল ফেরানোর জন্য ডেপুটেশন দিয়েছিলাম। সারা ভারত মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক হিসেবেও রাস্তা পাকা করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি।
সম্পর্কিত সংবাদ