Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল ১৪ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ, যানজটে রোজদিন নাভিশ্বাস যাত্রীদের

বেহাল ১৪ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ, যানজটে রোজদিন নাভিশ্বাস যাত্রীদের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: পাঞ্জাবি মোড়-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের করুণ পরিস্থিতিতে বাড়ছে যানজট। একবার যানজটে আটকে গেলে কম করে দেড়-দু’ ঘণ্টার আগে মুক্তি মিলছে না বাসযাত্রী ও গাড়ির আরোহীদের। 
Advertisement
সাধারণ মানুষের অভিযোগ, দুবরাজপুর থেকে সিউড়ি এবং সিউড়ি থেকে মহম্মদ বাজার অবধি জাতীয় সড়কের দশা বেহাল। দুবরাজপুর-সিউড়ি রাস্তায় বক্রেশ্বর সেতুর ওপর জাতীয় সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেতুর ওপর রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। 
প্রতিদিন এই সেতু পারাপারের সময় ছোট-বড় গাড়ি ছোটখাটো দুর্ঘটনায় পড়ছে। গর্তের কারণে সেতুর ওপর গাড়ির গতি খুব কম থাকায় মারাত্মক যানজট হচ্ছে এই জায়গায়। অন্যদিকে সিউড়ি থেকে রামপুরহাট যাওয়ার পথে সিউড়ির তিলপাড়া ব্যারেজ সহ ব্যারেজের দুই পারে দু’টি ক্যানেলের সেতুর ওপরও রাস্তা বেহাল হয়ে রয়েছে। তিলপাড়া ব্যারেজের ওপরও পিচ প্রায় পুরোপুরি উঠে গিয়েছে। পাশাপাশি ব্রিজে ওঠার দুই পারেই রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া দু’টি ক্যানেলের সেতুর ওপরেও রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। দিনের বেশির ভাগ সময়ে এই সেতু সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে। বিশেষত সন্ধ্যার দিকে এই যানজট আরও বিরাট আকার ধারণ করছে। এছাড়াও রামপুরহাটের দিকে একাধিক জায়গায় রাস্তা বেহাল হয়ে হয়েছে। 
খানাখন্দে ভরে উঠেছে রাস্তা। বেহাল রাস্তা এবং তারজন্য সৃষ্টি হওয়া যানজটে দুর্ভোগে পড়তে হচ্ছে অফিস যাত্রীদের। সরকারি, বেসরকারি উভয় অফিসের কর্মচারীরাই রোজ দেরি করে দপ্তরে ঢোকায় ঊর্ধ্বতন আধিকারিকদের ধমক খাচ্ছেন। 
 সিউড়ি প্রশাসনিক দপ্তরের কয়েকজন কর্মচারী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা জেলা প্রশাসনিক দপ্তরে কাজ করি। তাই এই রাস্তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারছি না। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের কবে হুঁশ ফিরবে জানি না। প্রতিদিন অফিসে আসতে দেরি হচ্ছে। 
প্রতিদিন ঊর্ধ্বতন আধিকারিকরা বকাবকি করছেন অফিসে দেরিতে আসার জন্য। সন্ধ্যায় অফিস শেষ করে বাড়ি ফেরার সময়ও যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় প্রতিদিন সন্ধ্যায় জাতীয় সড়কজুড়ে লরি দাঁড়িয়ে পড়ে যানজট তৈরি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদেরও দেখা উচিত। 
এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, জাতীয় সড়ক দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুজোর ছুটি থাকায় মেরামতের কাজ করা যায়নি। আশাকরি দ্রুত সুরাহা হবে।  
সম্পর্কিত সংবাদ