Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিক্ষুকের ছদ্মবেশে বাড়ি ঢুকে চুরি কাটোয়ায়, মহিলা ধৃত কালনায়  

ভিক্ষুকের ছদ্মবেশে বাড়ি ঢুকে চুরি কাটোয়ায়, মহিলা ধৃত কালনায়
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কোলে ছোট শিশু, পরনে ময়লা শাড়ি। শরীরে ট্যাটু, আলুথালু অবস্থায় দেখে যে কেউ ভিখারি বলেই ধরে নেবেন। এমন ছদ্মবেশের আড়ালেই গৃহস্থের বাড়িতে ঢুকে সোনা, টাকা চুরি করে নিচ্ছে বানজারা গ্যাংয়ের মহিলারা। কাটোয়ায় বানজারা গ্যাংয়ের এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। সে কালনা শহরে ঘর ভাড়া নিয়ে ডেরা বেঁধেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই পাকড়াও করা হয়েছে তাকে। 
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মাম্পি বেদ ওরফে ফুলটুসি। সে কালনার বুলবুলিতলা বাজার এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল। তার আসল বাড়ি ঝাড়খণ্ডে। বৃহস্পতিবার ধৃত মহিলাকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে ৯ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৪ জানুয়ারি দুপুর নাগাদ কাটোয়ার সুদপুর গ্রামে রবিন পালের বাড়িতে ঢোকে ধৃত মহিলা। কোলে শিশু নিয়ে ভিক্ষুকের ছদ্মবেশে ওই মহিলা বাড়িতে ঢোকে। তারপরেই সে বেশ কিছু সোনার গয়না ও ১৩ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায়। এরপরেই রবিন পাল কাটোয়া থানায় লিখিত অভিযোগ জানান। তড়িঘড়ি সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পারেন, ওই মহিলা টোটোয় চড়ে মন্তেশ্বর হয়ে কালনার দিকে যাচ্ছে। এরপর কালনা থানায় ওই মহিলার ছবি পাঠানো হয়। তারপরেই মহিলাকে তার ডেরায় গিয়ে পাকড়াও করা হয়। তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া সোনার গয়না ও টাকা উদ্ধার হয়েছে। ধৃত মহিলা এর আগেও একই কায়দায় কাটোয়া থানার মেঝিয়ারি, মঙ্গলকোট থানা এলাকায় চুরি করে। 
সম্পর্কিত সংবাদ