Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোজ্য তেলের দাম প্রত্যেক দোকানে টাঙিয়ে রাখার নির্দেশ

ভোজ্য তেলের দাম প্রত্যেক দোকানে টাঙিয়ে রাখার নির্দেশ
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: সোমবারের মধ্যেই প্রত্যেক ব্যবসায়ীকে ভোজ্য তেলের দাম দোকানে ডিসপ্লে বা টাঙিয়ে করে রাখতে হবে। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে ময়নাগুড়ি বাজার ও শহরে অভিযান চালিয়ে এমনই নির্দেশ দেওয়া হল। অপরদিকে এদিন রাতেই ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি সমস্ত মুদি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক ডেকেছে। ময়নাগুড়ি বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এমনই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে বাজারে অভিযান করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা।
Advertisement
বেশ কিছুদিন ধরেই ভোজ্য তেলের দাম বাড়তে শুরু করেছে। এটা জানতেই ব্যবসায়ীদের কাছে তার কারণ জানতে চায় প্রশাসন। খুচরো মুদি ব্যবসায়ীদের পাশাপাশি ভোজ্য তেলের ডিস্ট্রিবিউটরদের সঙ্গেও কথা বলেন প্রশাসনের কর্তারা। কোন কোম্পানির তেলের দাম কী রয়েছে সেটাও জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবারের মধ্যে কোন ভোজ্য তেলের দাম কত রয়েছে তা দোকানে ডিসপ্লে করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোজ্য তেল নিয়ে কেউ কালোবাজারি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির প্রশাসনকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
আইসি ও বিডিও বলেন, অনিয়ন্ত্রিতভাবে ভোজ্য তেলের দাম বৃদ্ধির অভিযোগ এসেছিল। সে কারণেই বাজার এলাকায় আমরা নজরদারি শুরু করেছি। ন্যায্যমূল্যের থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করা যাবে না। আমরা বলে দিয়েছি প্রত্যেক ব্যবসায়ীকে তেলের দাম ডিসপ্লে করে দোকানে লাগিয়ে দিতে। ক্রেতারা যাতে প্রত্যেকটি তেলের দাম দেখতে পারেন। এরপরেও এই নিয়ম না মানলে এবং তেলের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, আমরা প্রশাসনের পাশে আছি। যে ব্যবসায়ী বেআইনিভাবে দাম বেশি নেবেন, ব্যবসায়ী সমিতি তাঁর পাশে দাঁড়াবে না।
সম্পর্কিত সংবাদ