Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার ডিসপ্লে বোর্ডে নজর প্রশাসনের

ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার ডিসপ্লে বোর্ডে নজর প্রশাসনের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম ডিসপ্লে করে দোকানে লাগিয়েছেন কি না তা সোমবার বাজারে ঘুরে দেখলেন বিডিও ও থানার আইসি। বেশিরভাগ দোকানদারই বিভিন্ন কোম্পানির তেলের দাম লিখে ঝুলিয়ে রাখেন। তবে যাঁরা তেলের দাম লিখে দোকানে ঝুলিয়ে রাখেননি তাঁদের এদিন সতর্ক করে দেওয়া হয়। প্রশাসনিক কর্তারা এখন থেকে এমন অভিযান নিয়মিত করবেন বলে দোকানিদের জানিয়ে যান। 
Advertisement
ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। আর তাতেই মাথায় হাত গৃহস্থের। এমনই অভিযোগ উঠেছে ময়নাগুড়িতে। আর এই অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার ময়নাগুড়িতে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু ও আইসি সুবল ঘোষ যৌথ অভিযান চালান। অভিযানে নেমে তাঁরা দেখেন ভোজ্য তেলের দাম একএক দোকানে একএক রকম। অভিযান চলাকালীন ক্রেতাদের কাছ থেকেও তাঁরা অভিযোগ পান। খুচরো ভোজ্য তেলের ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন গোডাউনে গিয়েও তাঁরা মালিকদের সঙ্গে কথা বলেন। কৃত্রিমভাবে তেলের দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে যান। সেই সময় প্রশাসনিক কর্তারা জানিয়ে দিয়েছিলেন, ভোজ্য তেলের দাম লিখে তা দোকানের সামনে ঝুলিয়ে দিতে হবে। এর ফলে ক্রেতারা দাম দেখে তেল ক্রয় করতে পারবেন। এতে বাজারে একই দাম থাকবে। প্রশাসনের সেই নির্দেশের পর তেলের দাম লিখে দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছে কি না তা দেখতেই এদিন অভিযান হয়। 
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, প্রশাসনের নির্দেশ মতো ব্যবসায়ীরা কাজ করছেন। আমার মনে হয় না তেলের দাম বেশি রয়েছে। বিডিও বলেন, ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছিল ডিসপ্লে করে তেলের দাম ক্রেতাদের জানিয়ে দিতে হবে। তা মানা হচ্ছে কি না সেটা বাজার ঘুরে দেখলাম। তেলের দাম হেরফের হলে লিখে রাখতে হবে। আমরা প্রতিনিয়ত নজরদারি চালাব।
সম্পর্কিত সংবাদ