Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিজিলেন্স কমিটিকে সক্রিয় করার নির্দেশ খাদ্যদপ্তরের

ভিজিলেন্স কমিটিকে সক্রিয় করার নির্দেশ খাদ্যদপ্তরের
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: গ্রাহকদের অভাব অভিযোগ শুনতে প্রতিটি রেশন দোকানে ভিজিলেন্স কমিটিকে সক্রিয় করার নির্দেশ দিল খাদ্যদপ্তর। শুধু তাই নয়, অনেক দোকানে ভিজিলেন্স কমিটি নেই। সেখানে তা নতুন করে গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অনেক সময়েই রেশন সামগ্রী নিয়ে গ্রাহকদের অভিযোগ থাকে। কিন্তু, তাঁদের এব্যাপারে অভিযোগ জানানোর জন্য ব্লক খাদ্যদপ্তরে যেতে হয়। তার জন্য কয়েকবছর আগে প্রতিটি রেশন দোকানে ভিজিলেন্স কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী বহু দোকানে কমিটি গঠন করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কমিটি থাকলেও তা নিষ্ক্রিয় রয়েছে। তাই যেখানে কমিটি নেই, সেখানে নতুন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেখানে কমিটি নিষ্ক্রিয় রয়েছে, সেখানে তা সক্রিয় করতে হবে। 
Advertisement
বাঁকুড়া জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিক শেখ আলিমুদ্দিন বলেন, রাজ্য, জেলা, ব্লকস্তরে ছাড়াও প্রতিটি রেশন দোকানে ভিজিলেন্স কমিটি রয়েছে। তবে কিছু কিছু জায়গায় পুরনো কমিটি ভেঙে গিয়েছে। সেখানে নতুন করে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিষ্ক্রিয় কমিটিকে সক্রিয় করে তুলতে নিয়মিত মিটিং করতে বলা হয়েছে। 
দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে খাদ্য সুরক্ষা আইন লাগু হওয়ার পর রেশন গ্রাহকদের স্বার্থে ২০১৭সালে রাজ্য, জেলা ও ব্লকস্তর ছাড়াও প্রতিটি রেশন দোকানে ভিজিলেন্স কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তাতে রাজ্যে মুখ্য সচিব এবং জেলাস্তরে জেলাশাসক এবং ব্লকস্তরে বিডিওর নেতৃত্বে কমিটি গঠিত হয়। এছাড়াও রেশন দোকানস্তরে গঠিত কমিটিতে চেয়ারম্যান হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। এছাড়াও ওই কমিটিতে সদস্য হিসেবে অনেকেই থাকেন। কমিটিতে আহ্বায়ক সদস্য হিসেবে থাকেন খাদ্যদপ্তরের পরিদর্শক। নিয়ম অনুযায়ী প্রতিমাসে কমিটির মিটিং করার কথা। মিটিংয়ে মজুত রেশন সামগ্রী, দোকান পরিদর্শন ছাড়াও গ্রাহকদের কাছ থেকে অভিযোগ শোনা হয়। মিটিংয়ের রেজ্যুলিউশন সাতদিনের মধ্যে বিডিওর কাছে পাঠাতে হয়। কোনওরকম অভিযোগ থাকলে তার রিপোর্ট সরাসরি জেলাস্তরের কমিটির কাছে পাঠাতে হবে।  
দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে ৩৪৬টি ব্লকের মধ্যে ৩৩০টিতে ভিজিলেন্স কমিটি রয়েছে। ১৮হাজার ৩৫৫টি রেশন দোকানের মধ্যে ১১হাজার ৬৯৪টিতে কমিটি রয়েছে। বাকি ক্ষেত্রে যাতে দ্রুত কমিটি গঠন করা হয় এবং গঠিত কমিটি যাতে আরও সক্রিয় হয়, তার জন্য নিয়মিত মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারির তরফে প্রতি জেলার খাদ্য আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ