সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের ধানঘরা এলাকায় ওড়িশা কোস্ট ক্যানেলের উপর পাকা সেতু নির্মাণের কাজ শুরু হল। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে। জীর্ণ কাঠের সেতুর বদলে হবে কংক্রিটের সেতু। শনিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। সূচনাপর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি সহ অন্যান্যরা। সেতুর নির্মাণের জন্য প্রায় ১৩ কোটি ১৭ লক্ষ টাকা খরচ হবে। আগামী কিছুদিনের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা কাজ শুরু করবে। সেতু তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
Advertisement
উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরে কাঠের সেতুর উপর দিয়েই যাতায়াত করছিলেন ভাজাচাউলি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তবে সেতুটি গত কয়েক বছর ধরে জীর্ণ অবস্থায় ছিল। এই সেতুটি ভাজাচাউলি, কুমীরদা সহ আশপাশের এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম। জীর্ণ, ভগ্নপ্রায় সেতু দিয়ে তাঁদের যাতায়াত করতে হতো। একটি ছোট চারচাকা গাড়িও ঢুকতে পারত না। এতে এলাকাবাসীর দুভোর্গের শেষ ছিল না। তাঁদের অনেকটা রাস্তা ঘুরে যাতায়াত করতে হতো। তাই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেতুটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবি মিটতে চলায় এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির রেশ ছড়িয়ে পড়েছে।
পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশবাবু বলেন, পাকা সেতু তৈরি হলে বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। আমরা দ্রুত কাজ শুরুর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে বলেছি। তাছাড়া সেতু তৈরির ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি সবদিক দিয়ে সহযোগিতা করবে।
পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশবাবু বলেন, পাকা সেতু তৈরি হলে বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। আমরা দ্রুত কাজ শুরুর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে বলেছি। তাছাড়া সেতু তৈরির ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি সবদিক দিয়ে সহযোগিতা করবে।



