লখনউ: আবার ভোলবদল মায়াবতীর। কয়েকমাস আগে ভাইপো আকাশ আনন্দকে উত্তরসূরি বলে ঘোষণা করেছিলেন বুয়া মায়াবতী। কিন্তু সেই ভাইপোকেই দলের সব পদ থেকে রবিবার ছেঁটে ফেললেন বহেনজি। এরপরেই তাঁর ঘোষণা, ‘যতদিন বেঁচে থাকব, ততদিন উত্তরসূরির নাম জানাব না।’ এদিন মায়াবতী সাফ জানিয়েছেন, দলের স্বার্থই সবার আগে। এরপর ব্যক্তিগত সম্পর্ক। তবে ভাইপোকে হটালেও নিজের ভাই আনন্দ কুমারকে দলের জাতীয় আহ্বায়ক ঘোষণা করেছেন। এছাড়াও জাতীয় আহ্বায়ক করা হয়েছে রামজি গৌতমকে।
Advertisement
অনেকেই বলছেন, এবার শ্বশুর অশোক সিদ্ধার্থের কৃতকর্মের ফল ভুগতে হল আকাশ আনন্দকে। আসলে মায়াবতীর সঙ্গে আকাশ আনন্দের সম্পর্ক কিছুটা অম্ল মধুর। গত বছর দল থেকে আকাশকে বহিষ্কার করেন মায়াবতী। এরপর আবার তাঁকে দলে টানেন। শুধু তাই নয়, তাঁকে উত্তরসূরিও ঘোষণা করে দেন। এই অবস্থায় গোষ্ঠীবাজি এবং দল বিরোধী কাজের অভিযোগে গত মাসে অশোককে দল থেকে বহিষ্কার করেন তিনি। রবিবার সিদ্ধার্থ প্রসঙ্গ তোলেন মায়াবতী। তিনি বলেন, সিদ্ধার্থ সারাদেশে দলকে দু’ভাগে বিভক্ত করে ফেলেছিল। দলকে দুর্বল করতে এবং ভাইপো আকাশের রাজনৈতিক জীবন ধ্বংসের জন্য সিদ্ধার্থকে দায়ী করেন মায়া।



