নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ভাইফোঁটা উপলক্ষ্যে ঝাড়গ্রামে মিষ্টির চাহিদা তুঙ্গে। নতুন নতুন মিষ্টি নিয়ে হাজির ব্যবসায়ীরা। শহরের মিষ্টির দোকানগুলিতে এবার ভাইফোঁটা সন্দেশ, মায়াভোগের মতো নতুন মিষ্টি বাজার কাঁপাচ্ছে। এদিন দোকানগুলিতে লাইন দিয়ে বাসিন্দারা মিষ্টি কেনেন। ঝাড়গ্ৰামে মিষ্টান্ন ব্যবসায়ীরা প্রতিবার স্পেশাল মিষ্টি নিয়ে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করেন। এবারও গতানুগতিক মিষ্টির পাশে অন্য ধরনের মিষ্টিও দোকানে জায়গা করে নিয়েছে। তবে স্পেশাল মিষ্টির দাম অন্য মিষ্টির থেকে কিছুটা বেশি। ক্রেতারা অবশ্য তা নিয়ে দমছেন না। মনপসন্দ মিষ্টির জন্য দোকানে ভিড় জমাচ্ছেন। শহরের সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে দোকানগুলিতে মিষ্টির চাহিদা শনিবার তুঙ্গে ছিল। ভাইয়ের পাতে মিষ্টি তুলে দিতে হবে। রবিবার সেই মিষ্টি যদি না পাওয়া যায়। তাই অনেকেই এদিন মিষ্টি কিনে ঘরে নিয়ে আসেন। ব্যবসায়ীরা জানাচ্ছেন, খেজুর গুড়ের রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, অরেঞ্জ রসগোল্লার এবারও ভালো চাহিদা রয়েছে। শহরের বেশ কয়েকটি দোকান এবার স্পেশাল ক্ষীরকদম্ব মিষ্টি নিয়ে এসেছে। ভাজা ক্ষীরকদম্ব, স্যান্ডউইচ ক্ষীরকদম্ব ভালো বিক্রি হচ্ছে।
Advertisement
শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন প্রসিদ্ধ মিষ্টি দোকানের মালিক বিমান পাড়ই বলেন, ভাইফোঁটা উপলক্ষ্যে স্পেশাল কিছু মিষ্টি আনার পরিকল্পনা ছিল। আমাদের তৈরি ভাইফোঁটা সন্দেশ, শঙ্খমিষ্টি ক্রেতাদের মনে ধরেছে। পাঁচমাথা মোড়ের অপর মিষ্টি ব্যবসায়ী সত্যরঞ্জন পাত্র বলেন, আমাদের তৈরি ‘মায়াভোগ’ মিষ্টির ভালো চাহিদা আছে। তাই এবারক্রেতারা অনান্য মিষ্টির সঙ্গে মায়াভোগও কিনে নিয়ে যাচ্ছে।



