Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাইফোঁটায় সীতাভোগ, মিহিদানার সঙ্গে নিত্যনতুন মিষ্টির চাহিদা তুঙ্গে

ভাইফোঁটায় সীতাভোগ, মিহিদানার সঙ্গে নিত্যনতুন মিষ্টির চাহিদা তুঙ্গে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের সীতাভোগ, মিহিদানার খ্যাতি জগৎজোড়া। ভাইফোঁটায় শুধু বর্ধমানের ভাইদের পাতে নয়, যে সব দিদি এখানে থাকেন তাঁরাও দাদা ও ভাইয়ের মনোরঞ্জনের জন্য সীতাভোগ, মিহিদানা নিয়ে যাচ্ছেন। সীতাভোগ, মিহিদানার পাশাপাশি ভাইদের মন জয় করার জন্য মিষ্টি ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সন্দেশ তৈরি করেছেন। কোথাও তা মহারাজা আবার কোথাও রেনবো চকোলেট নামে পরিচিত। বিশেষ ধরনের মিষ্টি প্রতি পিস ২০-৩০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আট থেকে ১০টাকা দামের মিষ্টিও রয়েছে। মিষ্টি ব্যবসায়ী প্রমোদকুমার সিং বলেন, ভাইফোঁটার দিন স্পেশাল মিষ্টি কিনতে বোনেরা পছন্দ করেন। প্রতি বছরই নতুন নতুন মিষ্টি আনার চেষ্টা করি। এই সময় মিহিদানা, সীতাভোগের জোগানও বেশি রাখতে হয়। বর্ধমান থেকে যাঁরা বাইরে যান তাঁরা এই মিষ্টি নিয়ে যাবেনই। দু’রকম সীতাভোগ তৈরি হয়। 
Advertisement
অপর এক মিষ্টি ব্যবসায়ী নভনীল কোনার বলেন, বোনেরা বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে থালা সাজাতে পছন্দ করেন। এইদিনের জন্য স্পেশাল কিছু মিষ্টি আনা হয়েছে। বিক্রেতারা বলেন, শনিবার থেকেই মিষ্টির দোকানগুলিতে বিক্রি বেড়েছে। ভাইফোঁটার দিন বড় দোকানগুলিতে মিষ্টি কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সময় নষ্ট হওয়ায় অনেকেই আগের দিন মিষ্টি কিনে রাখেন। সেই কারণে মিহিদানা বা সীতাভোগ আগে থেকে তৈরি করে রাখা হয়। অতিরিক্ত মিষ্টি তৈরির পরও ভাইফোঁটার দিন দুপুরের মধ্যেই বহু দোকান ফাঁকা হয়ে যায়।
জেলার বিভিন্ন প্রান্তে নানা স্বাদের মিষ্টি তৈরি হয়। কালনা এবং কাটোয়ার বিশেষ ধরনের পান্তুয়ার চাহিদা বেশি থাকে। এই দুই ধরনের মিষ্টি জিআই তকমা পেতে চলেছে। প্রশাসনিক আধিকারিকরা এই দুই মিষ্টি সম্পর্কে যাবতীয় তথ্য জমা করেছেন। জিআই স্বীকৃতি মিললে এই দুই ধরনের মিষ্টির চাহিদা আরও বেড়ে যাবে বলে ব্যবসায়ীদের দাবি। 
রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আশা করা যায় খুব তাড়াতাড়ি নোড়া পান্তুয়া এবং কাটোয়ার পরানের পান্তুয়া জিআই পাবে। এই দুই মিষ্টি সম্পর্কে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জমা দিয়েছি। ব্যবসায়ীরা বলেন, শক্তিগড়ের ল্যাংচা এবং মানকরের কদমাও এই স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। সীতাভোগ এবং মিহিদানা আগেই জিআই পেয়েছে। ভাইফোঁটার বাজারে বিভিন্ন ধরনের মিষ্টির চাহিদা থাকলেও সীতাভোগ বা মিহিদানার কদর সম্পূর্ণ আলাদা।
সম্পর্কিত সংবাদ