নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইডেন্টিটি রাজনীতির পথ চলা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ থেকেই। কাঁসিরামের হাত ধরে বহুজন সমাজ পার্টি। দলিতদের নিজস্ব দল হিসাবে ক্রমেই তা বিকশিত হয়। কাঁসিরামের একান্ত অনুগত শিষ্যা মায়াবতী পরে দলের প্রধান হন। রাজ্যের মুখ্যমন্ত্রী পদেও বসেন। অপরদিকে, মূলত ওবিসি ও যাদব সমাজের সমর্থন নেওয়ার জন্য সমাজবাদী পার্টি গঠন করেন মুলায়ম সিং যাদব। পরে মুসলিমদেরও কাছে টানার প্রক্রিয়া চলে। ব্যতিক্রম নয় বিহার। একই ফরমুলায় লালুপ্রসাদ যাদব শুরু করেন পথ চলা। এই দুই যাদব কুলপতি নেতার পুঁজি ছিল ‘এম প্লাস ওয়াই’। অর্থাৎ মুসলিম ও যাদব। উচ্চবর্ণের ভোটব্যাংক বিজেপির কাছে, দলিত সমাজের প্রতিনিধি মায়াবতী, যাদব ও মুসলিম সমাজ মূলত মুলায়ম সিং যাদব। সোজা কথায় এভাবেই নয়া সমীকরণের মাধ্যমে উত্তরপ্রদেশে কংগ্রেসের একান্ত নিজস্ব তাবৎ ভোটব্যাংক চুরি হয়ে যায়। তাই এই দলগুলির উত্থানের পর থেকে আর উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস। কারণ নিজস্ব ভোটব্যাংকই নেই।
প্রায় ৩০ বছর পর আবার উত্তরপ্রদেশে নতুন ভোট পাটিগণিত। আত্মপ্রকাশ করল নতুন জোট। সমীকরণের লক্ষ্য, দলিত-মুসলিম জোট। মায়াবতীর দল অস্তমিত। পরিবর্তে নতুন দলিত আইকন হিসাবে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উঠে এসেছেন যুব নেতা চন্দ্রশেখর আজাদ। বর্তমানে তিনি এমপি। তাঁর দলের নাম আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)। এই দল এবার জোট করে নয়া ফ্রন্ট চালু করল বৃহস্পতিবার। নাম সামাজিক পরিবর্তন জোট। হায়দরাবাদের এমপি তথা মুসলিম সমাজের অন্যতম প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসির দল মিমের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধল।
অর্থাৎ যোগীর রাজ্যে নয়া জোট, ভীম প্লাস মিম। তাঁরা জানিয়েছে, বিজেপিকে পরাজিত করতে দলিত ও মুসলিম সমাজকে একজোট হতে হবে। কারণ, এই দুই সম্প্রদায়ই সবচেয়ে বেশি শোষিত ও নিপীড়িত। উত্তরপ্রদেশের ৪০৩ আসনেই প্রার্থী দেবে এই জোট। যা সমাজবাদী পার্টি এবং বিজেপি—উভয় পক্ষের কাছেই মাথাব্যথার কারণ হতে চলেছে। কারণ সমাজবাদী পার্টির অন্যতম ভোটব্যাংক মুসলিম সমাজ। সেই ভোট যদি বিভাজিত হয়ে যায়, তাহলে লাভ হবে বিজেপির। কিন্তু বিজেপির উদ্বেগও কম নয়। কারণ উত্তরপ্রদেশ হোক অথবা বিহার—একান্ত উচ্চবর্ণের ভোটে বিজেপি কোথাও জিততে পারে না। বিজেপিকে এই দুই রাজ্যে ওবিসি ও দলিত সমাজ সমর্থন জানিয়েছে বিপুলভাবে। এমনকী দলিত সমাজের সব সম্প্রদায়কে কাছে টানতে নানাবিধ ছোট দলের সঙ্গেও বিজেপি কৌশলগত জোট করেছে। উত্তরপ্রদেশে যেমন ওমপ্রকাশ রাজভড় কিংবা অনুপ্রিয়া প্যাটেল অথবা নিষাদ পার্টি। যাতে এক-দুই শতাংশ ভোটব্যাংকও হাতছাড়া না হয়।
জোট নিয়ে আপাতভাবে বিজেপি এবং সমাজবাদী পার্টির দাবি, এরকম অনেক চেষ্টা আগেও হয়েছে। এরা সব ভোটপাখি। ভোটের সময় এসব হয়েই থাকে। অন্যদিকে চন্দ্রশেখর আজাদের আহ্বান, কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসুক তাদের সঙ্গে। বৃহৎ একটি জোট হোক। যদিও আজাদকে আগেভাগেই এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দলিতদের প্রতি বার্তা, এই জোট জয়ী হলে মুখ্যমন্ত্রী তাদের সম্প্রদায়েরই।



