Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাইকে ফোঁটা দিতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা, যুবক আত্মঘাতী 

ভাইকে ফোঁটা দিতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা, যুবক আত্মঘাতী 
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ভাইফোঁটা দিতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি। তার জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা। পরিবারের লোকের বাধায় তাতে সফল হয়নি। এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম বুধন ক্ষেত্রপাল(৩৬)। তাঁর বাড়ি পাত্রসায়রের বরুজপোতা এলাকার কুঞ্জভবনে। তবে পরিবারের লোকেদের দাবি, বুধনবাবু গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে সফল না হওয়ায় নিজেই বিদ্যুতের তার জড়িয়ে আত্মহত্যা করেছেন। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতের সম্পর্কে ভাই সাগর ক্ষেত্রপাল বলেন, ভাইফোঁটা দিতে যাওয়া নিয়ে এদিন সকালে দাদা ও বউদির মধ্যে ঝগড়া হচ্ছিল। তখন সে দড়ি নিয়ে আত্মহত্যার জন্য মাঠের দিকে দৌড়ে যায়। আমরা পিছু ধাওয়া করে ধরে ফেলি। বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। তারপর দাদা সাইকেলে করে বউদিকে তাঁর বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। বউদির সঙ্গে তাঁদের ৫ বছরের ছেলেও যায়। এক কিলোমিটার দূরে সানতোড় গ্রামে বউদির বাপেরবাড়ি। কিছুক্ষণের মধ্যেই দাদা বাড়ি ফিরে আসে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। সম্ভবত গায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে নেয়।। পরে পরিবারের একটি ছেলে দাদাকে মেঝেয় লুটিয়ে পড়তে দেখে তার কাছে যায়। দাদাকে স্পর্শ করতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাতে সে জখম হয়। তার চিৎকারে আমরা যাই। দাদাকে পাত্রসায়র ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মৃতের স্ত্রী বাপেরবাড়ি থেকে ফিরে কান্নায় ভেঙে পড়েন। আমাদের সন্দেহ দাদা নিজেই বিদ্যুতের তার জড়িয়ে আত্মহত্যা করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ