সংবাদদাতা, জঙ্গিপুর: বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফেরেন যুবতী। এনিয়ে পরিবারের লোকজন বকাবকি করেন। তার জেরে শনিবার সকালে জঙ্গিপুরে ভাগীরথীর ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবতী। স্থানীয় বাসিন্দারা ওই যুবতীকে নদী থেকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসী। ব্রিজের দু’পাশই নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
Advertisement
পুলিস জানিয়েছে, বাড়িতে বকাবকি করার জন্য ওই যুবতী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। যুবতীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ওই যুবতী রঘুনাথগঞ্জের ফাঁসিতলার একটি জুতোর দোকানে কাজ করেন। সন্ধ্যায় কাজ শেষে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন। ওই যুবতী ডিউটি শেষ করে বন্ধুর সঙ্গে ঘুরতে চলে যান। রাত সাড়ে ১০টায় বাড়িতে ফিরলে পরিবারের লোকজন সামান্য বকাবকি করেন। তাতেই তাঁর অভিমান হয়। এদিন সকালে কাউকে কিছু না জানিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে কয়েক কিমি দূরে জঙ্গিপুর ভাগীরথী ব্রিজে চলে আসেন। তারপর, শ্মশানঘাটের দিকে নদীতে ঝাঁপ দেন। সকালে ব্রিজে তেমন লোকজন যাতায়াত করে না। ফলে বিষয়টি কারও নজরে আসেনি। নদীর জলে উপর থেকে কিছু পড়ার শব্দ পান স্থানীয় লোকজন। যুবতীকে জলে ভাসতে দেখলে তাঁরাই স্পিড বোট নিয়ে তাঁকে উদ্ধার করেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এক আত্মীয় বলেন, তেমন কিছু বলা হয়নি। শীতের রাতে রাস্তাঘাটে তেমন লোকজন থাকে না। বাড়ি ফিরতে এত দেরি কেন সেটাই বলা হয়েছিল।
এক আত্মীয় বলেন, তেমন কিছু বলা হয়নি। শীতের রাতে রাস্তাঘাটে তেমন লোকজন থাকে না। বাড়ি ফিরতে এত দেরি কেন সেটাই বলা হয়েছিল।



