নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার কালীগঞ্জ ব্লকে ভাগীরথী নদীর ওপর ভ্রাম্যমাণ দুয়ারের সরকার শিবিরের আয়োজন করা হল। এদিন শিবির পরিদর্শনে আসেন রাজ্যের হেলথ সেক্রেটারি মৌমিতা গোদারা বসু। মাটিয়ারি পঞ্চায়েতে সেই ভ্রাম্যমাণ শিবির করা হয় ব্লক প্রশাসনের তরফ থেকে। উপস্থিত ছিলেন নদীয়া জেলার অতিরিক্ত জেলাশাসক সৃঞ্জনি শেখর, কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী, ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন সহ অন্যান্যরা। ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির করার জন্য একটি লঞ্চকে সাজিয়ে তোলা হয়। তাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার টাঙানো হয়। সেই লঞ্চ থেকেই গ্রামের মানুষদের দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পে পরিষেবা প্রদান করা হয়। সেই শিবির ঘুরে দেখেন হেলথ সেক্রেটারি। এছাড়াও পানিঘাটা পঞ্চায়েতে ইউডিএম হাই স্কুলে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান তিনি। সেখানে কন্যাশ্রীর মহিলাদের সঙ্গেও কথা বলেন। স্কুলে কোনও কিছুর প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা জানতে চান তিনি। তারপর সেখান থেকে পলাশী-১ পঞ্চায়েতের ভুরুলিয়ার দুয়ারে সরকার শিবির ঘুরে দেখেন তিনি। তারপর মাটিয়ারিতে ভ্রাম্যমাণ শিবিরে যান হেলথ সেক্রেটারি। সেখানে বেশ কিছু উপভোক্তার হাতে সরকারি পরিষেবা তুলে দেন। দুয়ারে সরকার শিবিরের আয়োজন দেখে তিনি খুশি হন। সেই নিয়ে কালীগঞ্জ ব্লকের প্রশংসাও করেন। ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, আমাদের ব্লকে হেলথ সেক্রেটারি দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এসেছিলেন। বেশ কিছু মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিয়েছেন। ভাগীরথী নদীতে ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন। প্রশাসন এখন মানুষের বাড়ির কাছে গিয়ে সরকারি পরিষেবা দিচ্ছেন। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।



