নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কলেজ ইউনিটের চাপে শেষমেশ ভূগোলের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে পিছু হটল বিদ্যসাগর বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কলেজের পরিবর্তে স্নাতকের সেকেন্ড সেমেস্টারের ভূগোলের কোস্টাল ম্যানেজমেন্ট প্র্যাক্টিক্যাল পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে হবে বলে গত ১৮ডিসেম্বর বিজ্ঞপ্তি দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ, বাজকুল, কাঁথি, এগরা সহ বিভিন্ন কলেজের টিএমসিপি ইউনিট এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতির চাপে শেষমেশ আগের মতোই কলেজে ওই প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে বলে ৭জানুয়ারি পরীক্ষা নিয়ামক বিজ্ঞপ্তি জারি করেছেন।
Advertisement
দেশপ্রাণ কলেজের টিএমসিপি ইউনিট সভাপতি নিমাই দাস, কন্টাই পিকে কলেজের টিএমসিপি ইউনিট সভাপতি শেখ ইমরান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র বিরোধী সিদ্ধান্ত নিয়েছিল। এতদিন হোম সেন্টারে প্র্যাক্টিক্যাল পরীক্ষা হতো। এই পরীক্ষা নিয়ে কখনও কোনও অভিযোগ ওঠেনি। তারপর আচমকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভূগোলের প্র্যাক্টিক্যাল পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। পূর্ব মেদিনীপুরের জেলার প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের চার ঘণ্টা পথ পেরিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে মাঝ রাত হয়ে যেত। ছাত্রছাত্রীদের কথা না ভেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম একটি সিদ্ধান্ত নেওয়ায় আমরা গোড়া থেকেই প্রতিবাদ করেছি। শেষমেশ পরীক্ষা নিয়ামক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে কলেজে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ার নোটিস জারি করেছেন। এতে ছাত্রছাত্রীরা চিন্তামুক্ত হল।



