নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভূগোলের প্র্যাক্টিক্যাল পরীক্ষা কলেজের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এনিয়ে আসরে নেমেছে তৃণমূল ছাত্র সংগঠনও। সংগঠনের নেতা আবেদ আলি খান এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি দিয়েছেন। ভূগোলের মেজর প্র্যাক্টিক্যাল কলেজে হলেও স্কিল এনহেন্সমেন্ট কোর্স(এসইসি) প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ডিপার্টমেন্ট বিভিন্ন কলেজের ভূগোল ডিপার্টমেন্টের প্রতিনিধিদের মিটিংয়ের পর ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। এর ফলে বিভিন্ন কলেজ থেকে স্নাতকের ছাত্রছাত্রীদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিতে ইউনিভার্সিটিতে যেতে হবে। যদিও এতদিন কলেজেই এই পরীক্ষা হতো। গোটা ঘটনায় ছাত্রছাত্রীরাও ক্ষুব্ধ। আবেদ আলি খান বলেন, এই সিদ্ধান্ত ছাত্রস্বার্থ বিরোধী। পূর্ব মেদিনীপুরের প্রান্তিক এলাকার এক ছাত্রকে চার ঘণ্টা পথ পার করে মেদিনীপুরে যেতে হবে। তারপর পরীক্ষা দিয়ে তিনি বাড়ি ফিরে আসার যানবাহন পাবেন না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছি। আগামী ১৬জানুয়ারি থেকে ইউনিভার্সিটিতে এই প্র্যাক্টিক্যাল পরীক্ষা রাখা হয়েছে।



