Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরের বরোজে সমবায়ে জয়ী তৃণমূল

ভগবানপুরের বরোজে সমবায়ে জয়ী তৃণমূল
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের বরোজ পঞ্চায়েতের কায়েমগেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। তবে খেজুরি-২ ব্লকের খেজুরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে। কায়েমগেড়িয়া সমিতির নির্বাচন উপলক্ষ্যে কয়েকদিন আগে তৃণমূলের ন’জন প্রার্থী মনোনয়নপত্র তুললেও অন্য কোনও দল মনোনয়ন তোলেনি। এর ফলে তৃণমূলের জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়। ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না ও এলাকার তৃণমূল নেতা মিহির ভৌমিক বলেন, আমরা জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হয়েছে, মানুষ তৃণমূলেরই পাশে আছেন। সেখানে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, তৃণমূল তাদের চেনা কায়দায় একচেটিয়াভাবে সবকিছু করে। তাই সেখানে আমরা প্রার্থী দিইনি। 
Advertisement
খেজুরি সমবায় সমিতিতে শনিবার কড়া পুলিসি নিরাপত্তায় নির্বাচন হয়। ন’টি আসনের সবক’টিতেই জয়ী হয়েছে বিজেপি। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, মানুষ তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও অপশাসনের জবাব দিয়েছে। সমিতির সার্বিক উন্নয়নে নতুন বোর্ড কাজ করবে। ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাস বলেন, আমরা নির্বাচনে যথেষ্ট লড়াই দিয়েছি। তা সত্ত্বেও আমাদের পরাজয় হয়েছে। মানুষের রায় মেনে নিতে হবে। পরাজয়ের কারণ আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ