সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের জুখিয়া পঞ্চায়েতের বিরিবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। শনিবার নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে ন’টি আসনের মধ্যে সবক’টি জিতেছে তৃণমূল। তবে খেজুরির নিজকসবা পঞ্চায়েতের লক্ষণচক নিবেদিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে। শনিবার ভূপতিনগর থানার পুলিসের কড়া নিরাপত্তায় বিরিবাড়ি সমিতির নির্বাচন হয়। সমিতির ৯৭৩জন ভোটারের মধ্যে ৭৯৬জন ভোট দেন। ফলপ্রকাশ হলে দেখা যায়, তৃণমূল সমস্ত আসন জিতেছে। জয় নিশ্চিত হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন শাসকদলের নেতাকর্মীরা। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না। তিনি বলেন, তৃণমূল সরকারের উন্নয়নের কাছে বিজেপি পরাজিত হয়েছে। এই ব্লকে প্রায় সমস্ত সমবায়ে তৃণমূল জয়লাভ করল। বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, দু’একটি সমবায়ের ফলাফলে বিজেপির মতো বড় দলে কোনও প্রভাব পড়বে না। এদিন লক্ষণচক সমবায় সমিতিতে ১১টি আসনে নির্বাচন হয়। সবক’টি আসনই বিজেপি জিতেছে। নিজকসবা পঞ্চায়েত বিজেপির দখলে। খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, মানুষ বিজেপিকে চাইছে, ধীরে ধীরে তা প্রমাণ হচ্ছে। ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাস বলেন, সমবায়ে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন হয় না। তাই এই ফল নিয়ে আমরা অতটা ভাবিত নই। তবে পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে।



