সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-১ ব্লকের যদুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। শুক্রবার সমিতিতে ন’টি আসনে কড়া পুলিসি নিরাপত্তার ঘেরাটোপে ভোট হয়। নির্বাচন শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী বিজেপিকে পর্যুদস্ত করে সবক’টি আসনই তৃণমূল জয়ী হয়েছে। এই সমিতির পরিচালন ক্ষমতা আগেও তৃণমূলের দখলে ছিল। ক্ষমতা পুনর্দখল করায় উল্লসিত তৃণমূল শিবির। জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। বিজয় মিছিল বের হয়। চলে আবির খেলা। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রবিনচন্দ্র মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা বলেন, ভগবানপুরের একের পর এক সমবায় সমিতিতে তৃণমূলই জিতছে। কারণ বিজেপিকে মানুষ আর চাইছে না। মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে। উন্নয়নে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন তৃণমূলকেই। ভগবানপুরের বিজেপি নেতা, দলের কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি স্বপন রায় বলেন, তৃণমূল তাদের চেনা কায়দায় সমিতির ক্ষমতা দখল করেছে। নতুন করে আর কিছু বলার নেই। তবে পরাজয়ের কারণ আমরা নিশ্চয়ই দলীয়ভাবে খতিয়ে দেখব।



