সংবাদদাতা, কাঁথি: সোমবার ভগবানপুর থানার দ্বারিমারা এলাকায় এগরা-বাজকুল সড়কে নার্সারি স্কুলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। এদিন দুপুর নাগাদ এই ঘটনায় ১৬জন ছাত্রছাত্রী কমবেশি জখম হয়। তাদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরের ভীমেশ্বরী এলাকায় ওই নার্সারি স্কুলটি রয়েছে। এদিন স্কুল ছুটির পর ভীমেশ্বরী থেকে ভগবানপুরের দিকে ১৬জন ছাত্রছাত্রীকে নিয়ে ম্যাজিক ভ্যানটি যাচ্ছিল। দ্বারিমারার কাছে রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের পুকুরের দিকে নেমে যায়। তবে পাকা ড্রেন ও ঝোপঝাড় থাকায় গাড়িটি তাতে আটকে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরা শিশুপডুয়াদের গাড়ি থেকে টেনে বের করেন। দুর্ঘটনার খবর জানাজানি হওয়ায় ছাত্রছাত্রীদের অভিভাবকরাও ঘটনাস্থলে চলে আসেন। খবর পেয়ে সেখানে আসে ভগবানপুর থানার পুলিস। জখম ছাত্রছাত্রীদের উদ্ধার করে পুলিসের গাড়িতেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে পুলিস। তবে চালক পালিয়ে যায়।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরবেলা হওয়ায় রাস্তাঘাট শুনশান ছিল। তাই গাড়ির গতি বাড়িয়ে দেয় চালক। সেকারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। বরাতজোরে রক্ষা পেয়েছে শিশুরা। ঝোপঝাড় না থাকলে ও পুকুরে গাড়িটি পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটত বলেও স্থানীয় বাসিন্দাদের অভিমত। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা দরকার। চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা তা পরীক্ষা করার ব্যবস্থা করা হোক। পুলিস অবশ্য এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।



