সংবাদদাতা, কাঁথি: শনিবার বিকেলে ভগবানপুর-২ ব্লকের মুগবেড়িয়ার ষড়ঙ্গীপুকুর এলাকায় হেঁড়িয়া-ইটাবেড়িয়া সড়কে লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সমীরণ বেরা(২৫)। তাঁর বাড়ি মুগবেড়িয়ার খানজাদাপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন সমীরণ রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। রাস্তার পাশে বালির স্তূপ থাকায় হেঁড়িয়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। সমীরণ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাথায় প্রচণ্ড আঘাত ও রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিস ঘাতক লরি ও চালককে আটক করেছে।



