সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার সন্ধ্যায় ভগবানপুর থানার গুড়গ্রামে এগরা-বাজকুল সড়কে বাইকের ধাক্কায় এক বৃদ্ধা মারা যান। মৃতার নাম রোকেয়া বিবি(৭৩)। তাঁর বাড়ি গুড়গ্রামে। জানা গিয়েছে, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় একটি বাইক ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। অন্যদিকে, কাঁথি থানার সাতমাইল এলাকায় কাঁথি-বেলদা সড়কে বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম নারায়ণ নায়ক (৬৫)। বাড়ি এগরা থানার মোটাঘাট এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বাসের ধাক্কায় ছিটকে ঝোপে পড়েন ওই বৃদ্ধ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিস জানতে পেরেছে, ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।



