Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত শিক্ষক পুলিসের জালে

ভগবানপুরে ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত শিক্ষক পুলিসের জালে
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর থানার রায়বাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের  তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। ধৃত ভগবানপুরের পশ্চিম মাশুড়িয়া গ্রামের সুব্রত দাসকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে পকসো এবং অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। তবে শুক্রবার স্কুলে যথারীতি ক্লাস হয়েছে। যদিও এদিন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল। একজন শিক্ষকের এহেন কাণ্ডে তীব্র ধিক্কার জানিয়েছেন এলাকার বাসিন্দা ও অভিভাবকরা। তাঁরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। উল্লেখ্য, গত বুধবার স্কুলের মধ্যেই ওই ছাত্রীকে অশ্লীল ভিডিও দেখানো এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিভাবক ও গ্রামবাসীরা বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখান। অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে গণধোলাই দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। 
Advertisement
নাবালিকা অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার: নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সাহেব মাল। তার বাড়ি ভগবানপুরের নোনা ঘোষপুর এলাকায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে ওই যুবক ভগবানপুরের এক্তারপুর এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে। নাবালিকার বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে বৃহস্পতিবার সাহেবকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। বিচারক নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করেন। ধৃত যুবকের ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন।
সম্পর্কিত সংবাদ