সংবাদদাতা, কাঁথি: সাত বছরের বালিকাকে যৌন হেনস্তার অভিযোগে এক প্রতিবন্ধী যুবককে গ্রেপ্তার করল ভগবানপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পূর্ণচন্দ্র দাস। বাড়ি ভগবানপুরের মহম্মদপুরের উত্তরবাড় এলাকায়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ওই যুবকের দু’হাত ঠিকমতো চলে না। ভিক্ষা করে পেট চালায়। শুক্রবার দুপুর নাগাদ পাশের গ্রামে সে ভিক্ষা করতে গিয়েছিল। সেখানে সে ওই নাবালিকাকে একা পেয়ে বাড়িতে ঢুকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। তার মা-বাবা সেই সময় মাঠে কাজ করতে গিয়েছিলেন। ঘটনার কথা কাউকে বললে সে বালিকাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। নাবালিকা সন্ধ্যা পর্যন্ত কাউকে কিছু জানায়নি। রাতে সে অসুস্থ বোধ করে। বাড়ির লোকজন জানতে চাইলে বিষয়টি জানায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার নাবালিকার পরিবারের লোকজন অভিযুক্ত যুবককে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। এরপরই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে যুবককে গ্রেপ্তার করে। উত্তেজিত জনতা পুলিসকে বাধা দেয়। পুলিস সকলকে বুঝিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।



