Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে ভাইঝিকে অপহরণের ষড়যন্ত্র করে পলাতক পিসি-পিসেমশাই

ভগবানপুরে ভাইঝিকে অপহরণের ষড়যন্ত্র করে পলাতক পিসি-পিসেমশাই
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: আপন পিসি-পিসেমশাইয়ের ষড়যন্ত্রে ভগবানপুর থানার বাড়বাসুদেবপুরের এক নাবালিকা অপহৃত হয়েছিল। সেই অপহরণের ঘটনায় পুলিস দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার এক যুবককে গ্রেপ্তার করেছে। অপহৃত নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শীলাদ্রি ভুঁইয়া। বাড়ি পাথরপ্রতিমা থানার গোবিন্দপুরবাড় এলাকায়। সে রাজমিস্ত্রির কাজ করে। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। অন্যদিকে, নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। জানা গিয়েছে, ওই নাবালিকার পিসির বাড়ি পাথরপ্রতিমা এলাকায়। পিসি-পিসেমশাই বেশ কিছুদিন আগে বাড়বাসুদেবপুরে আসে। ১ ডিসেম্বর বছর ষোলোর ওই নাবালিকা আচমকাই নিখোঁজ হয়ে যায়। সে স্থানীয় একটি হাইস্কুলে পড়ে। নাবালিকার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, নাবালিকার পিসি-পিসেমশাইয়ের পরিকল্পনা ছিল, শীলাদ্রির সঙ্গে তার বিয়ে দেওয়ার। তারা ওই নাবালিকাকে বুঝিয়েছিল, তাদের পাথরপ্রতিমা এলাকায় একটি ভালো ছেলে রয়েছে। তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। নাবালিকা রাজি হয়ে যায়। এমনকী তাদের সঙ্গে যেতেও রাজি হয়। তারা নাবালিকাকে একটি জায়গায় নিয়ে যাওয়ার পর শীলাদ্রি এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। যদিও শীলাদ্রির বয়স ৩৭ বছর। পুলিস পিসি-পিসেমশাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নামে। রবিবার পাথরপ্রতিমায় গিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিস। পিসি-পিসেমশাই বর্তমানে পলাতক। ওসি শাহেনশা হক বলেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। 
Advertisement
অন্যদিকে, কাঁথি থানা এলাকায় নাবালিকাকে অপহরণে সহযোগিতা করার অভিযোগে পুলিস এক যুবতী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল এগরার ছত্রি এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ পয়ড়্যা ও অরুণ আচার্য এবং খেজুরির হলুদবাড়ি এলাকার মাম্পি দাস। সোমবার তাদের  মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজত মঞ্জুর করেন। জানা গিয়েছে, গত ২০ নভেম্বর কাঁথির এক নাবালিকা নিখোঁজ হয়। নাবালিকার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে অপহরণে সহযোগিতা করার অভিযোগে ওই তিনজনকে রবিবার গ্রেপ্তার করে। তবে পুলিস অপহৃতা নাবালিকাকে এখনও উদ্ধার করতে পারেনি। পুলিস জানিয়েছে, ধৃতদের জেরা করে নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চলছে। 
সম্পর্কিত সংবাদ