সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলায় একটি সরকারি ডিগ্রি কলেজ এবং দমকল কেন্দ্রের দাবিতে লালবাগ মহকুমা শাসককে স্মারকলিপি দিল ভগবানগোলা-রানিতলা নাগরিক মঞ্চ। শুক্রবার নাগরিক মঞ্চের সাত সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। মহকুমা শাসক বনমালী রায় বলেন, সরকারি ডিগ্রি কলেজ ও দমকল কেন্দ্রের দাবি সঙ্গত। আমি তাঁদের দাবিপত্র যথাস্থানে পাঠিয়ে দেব। ভগবানগোলা বিধানসভা এলাকায় রয়েছে ১৭টি উচ্চ বিদ্যালয়। প্রতি বছর গড়ে সাড়ে তিন হাজার ছেলেমেয়ে ওই বিদ্যালয়গুলি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু নাগালের মধ্যে কলেজ না থাকায় তাঁরা সঙ্কটে পড়ে। এই পরিস্থিতিতে এলাকায় কলেজ গড়তে স্থানীয় বাসিন্দারা কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে ভগবানগোলা-রানিতলা নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক বলেন, উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরনোর পরই উচ্চ শিক্ষার জন্য এখানকার ছেলেমেয়েদের জিয়াগঞ্জ বা লালগোলায় যেতে হয়। কলেজে যাতায়াতের জন্য গাড়িভাড়া বাবদ প্রত্যেক পড়ুয়ার প্রতিদিন অন্তত ১০০ টাকা খরচ হয়। চরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবারই দুঃস্থ। ফলে তাঁদের ছেলেমেয়েরা পড়াশোনায় ইতি টানতে বাধ্য হয়। আমাদের দাবি সরকার ভগবানগোলায় একটি ড্রিগ্রি কলেজ প্রতিষ্ঠা করুক। এদিকে ভগবানগোলার কোথাও আগুন লাগলে প্রায় ৩০ কিলোমিটার দূরের লালবাগ থেকে দমকল পৌঁছনোর আগেই সব ভস্মীভূত হয়ে যায়।



