সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার ভগবানগোলা থানার হনুমন্তনগর পঞ্চায়েতে পরিস্রুত পানীয় জলপ্রকল্পের কাজের সূচনা হয়েছে। সেখানকার চর নতুনপাড়ার বটতলা এলাকায় ওই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে স্থানীয় জেলা পরিষদ সদস্য আবু সায়েম রিপন, পঞ্চায়েত প্রধান মোশারফ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য বলেন, সীমান্তবর্তী পদ্মাপাড়ের বাসিন্দাদের একাধিক সমস্যার মধ্যে পানীয় জলের অভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের কাজ শেষ হলে এখানকার মানুষের পানীয় জলের সমস্যা আর থাকবে না।
Advertisement
হনুমন্তনগর পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। টিউবওয়েলের জলে আর্সেনিক রয়েছে। তাই এলাকার টিউবওয়েলের জল খাওয়া নিয়ে স্থানীয়রা আতঙ্কে ভোগেন। সেজন্য বহুদিন ধরে এলাকার মানুষ পরিস্রুত পানীয় জলের দাবি জানিয়ে আসছিলেন। সেজন্য জেলা পরিষদ ওই এলাকায় সোলার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। ওই প্রকল্প হলে এলাকার তিনটি গ্রামের প্রায় সাড়ে তিনহাজার বাসিন্দা সেখান থেকে জল নিতে পারবেন। হনুমন্তনগর ছাড়াও মহম্মদপুর পঞ্চায়েতের হাবাসপুর মাঠপাড়া, কান্তনগর পঞ্চায়েতের কালীনগরে আরও দু’টি এরকম প্ল্যান্টের কাজ চলছে বলে আবু সায়েম রিপন জানান।
পরিস্রুত পানীয় জলপ্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি হনুমন্তনগরের বাসিন্দারা। তাঁরা বলেন, সামনেই পদ্মায় কত জল। কিন্তু তা পান করা যায় না। টিউবওয়েলের জলেও বিষ। সোলার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল পেলে আর সমস্যা থাকবে না।
পরিস্রুত পানীয় জলপ্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি হনুমন্তনগরের বাসিন্দারা। তাঁরা বলেন, সামনেই পদ্মায় কত জল। কিন্তু তা পান করা যায় না। টিউবওয়েলের জলেও বিষ। সোলার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল পেলে আর সমস্যা থাকবে না।



