Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় পুরনো বিবাদের জের, মহিলাকে হাঁসুয়া দিয়ে কোপ

ভগবানগোলায় পুরনো বিবাদের জের, মহিলাকে হাঁসুয়া দিয়ে কোপ
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: পুরনো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধর এবং হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা দিলবানু বিবি নামে ওই মহিলাকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কিন্তু পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আক্রান্ত মহিলার বোন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার রাতের ভগবানগোলা থানার লহরপাড়ার ঘটনা। ভগবানগোলা থানার এসডিপিও উত্তম গরাই বলেন, অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দিলবানু বিবির মা মারা যাওয়ার পর বাবাকে দেখাশোনার জন্য লহরপাড়ায় থাকতে শুরু করেন। তিনি বাবার বাড়িতেই একটি মুদি দোকান চালান। কোনও একটি বিষয় নিয়ে প্রতিবেশী অভিযুক্ত পরিবারের সঙ্গে দিলবানু বিবিদের বিবাদ চলছিল। সেই কারণে দুই পরিবারের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। ঘটনার দিন বিকেলে ওই প্রতিবেশী পরিবারের একটি বাচ্চা দিলবানুর দোকান থেকে দু’টি কেক কেনে। তা দেখতে পেয়ে ওই পরিবারের এক মহিলা বাচ্চাটির কাছ থেকে কেক কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় এবং দিলবানু বিবি ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে গালিগালাজ করে। যদিও গ্রামবাসীদের হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টি মিটে যায়। 
হাসপাতালের বিছানায় শুয়ে দিলবানু বিবি বলেন, তখনকার মতো বিষয়টি মিটে গিয়েছিল। সন্ধ্যার সময় ঘরে বসে ভাত খাচ্ছিলাম। তখন ওই প্রতিবেশী পরিবারের পাঁচ-ছয়জন বাড়িতে চড়াও হয়ে আমাকে মাটিতে ফেলে কিল, ঘুসি, লাথি মারে। একজন হাঁসুয়া দিয়ে পায়ে কোপায়। আক্রান্ত মহিলার বোন মমতা বিবি বলেন, আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম। ওঁরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে বাড়িতে ঢোকে। তারপর কিছু বুঝে ওঠার আগে দিদিকে মারতে শুরু করে। আমাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসায় দিদি প্রাণে বেঁচে যায়। 
সম্পর্কিত সংবাদ