সংবাদদাতা, বহরমপুর: ভগবানগোলার হাবাসপুর মতিমহলে কাজ করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম সবুর শেখ(৬৬)। সোমবার দুপুরে গ্রামেই একটি ঘরে কাজে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। ঘটনায় মৃতের এক সহকর্মী গুরুতর জখম হন। মঙ্গলবার চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সবুর সাহেবের ঘরামি হিসেবে এলাকায় খুব নামডাক ছিল। ওইদিন মাটির দেওয়ালের উপর তাঁরা চালা করছিলেন। দুপুরে দেওয়ালের একপাশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার নীচে দু’জনে চাপা পড়েন। উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক সবুরসাহেবকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের ছেলে মুকুল শেখ বলেন, ঘরের কাজ হলেই বাবার ডাক পড়ত। ওইদিন গ্রামে কাজে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ওই পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে।



