সংবাদদাতা, লালবাগ: রবিবার বিকেলে ভগবানগোলা থানার বীরপাড়া স্বর্ণকারপাড়ায় মামিমাকে বাঁচাতে গিয়ে মামার হাতে আক্রান্ত হলেন এক যুবক। তাঁকে হাঁসুয়া দিয়ে রাস্তায় কোপানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিস জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম আমির সোহেল। অভিযুক্ত মামা সফিউল রানাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতকে সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে হাঁসুয়াটি।



