সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলা ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ব্লক অফিস চত্বরে শুরু হল ‘বিনা পয়সার বাজার’। বুধবার ফিতে কেটে বিনা পয়সার বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন লালবাগের মহকুমা শাসক বনমালী রায়, বিডিও নাজির হোসেন, বিধায়ক রেয়াত হোসেন সরকার প্রমুখ। এখান থেকে দুঃস্থদের বিনা পয়সায় শীতের পোশাক এবং পাঠ্য বই দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Advertisement
মহকুমা শাসক বলেন, এটা একটা ভালো উদ্যোগ। এর ফলে অনেক মানুষ উপকৃত হবে। অনেক দুঃস্থ পরিবারের সদস্যদের শীতের পোশাক নেই। ফলে তারা এই সময় খুব কষ্টের মধ্যে দিন কাটায়। অথচ আমাদের অনেকের বাড়িতে অতিরিক্ত শীতের পোশাক রয়েছে, যেগুলি ব্যবহার হয় না। ওই পোশাকগুলি বিনা পয়সার দোকানে দান করলে দুঃস্থ মানুষগুলি ঠান্ডার কামড় থেকে রক্ষা পাবে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে মহকুমা প্রশাসনের তরফে তিনি সাহায্যের প্রতিশ্রুতি দেন।



