সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলায় কংগ্রেসে ধস। শনিবার রাতে ভগবানগোলার কংগ্রেস পঞ্চায়েত সদস্য মমতা বিবি অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ভগবানগোলা ব্লক দলীয় কার্যালয়ে এদিন মমতা বিবির হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার। তৃণমূলের দাবি, কংগ্রেস পঞ্চায়েত সদস্যার সঙ্গে প্রায় ৫০ জন অনুগামী যোগ দিয়েছেন। বিধায়ক বলেন, ভগবানগোলাজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। দলমত নির্বিশেষে সকলেই বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই উন্নয়নের জোয়ারে শামিল হতে ভগবানগোলা পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। আরও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। খুব শীঘ্রই তাঁদেরও দলে স্বাগত জানানো হবে। মমতা বিবি বলেন, কংগ্রেসে থেকে কোনও কাজ করতে পারছিলাম না। উন্নয়নে শামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।



