সংবাদদাতা, লালবাগ: শুক্রবার গভীর রাতে ভগবানগোলা থানার হনুমন্তনগর পঞ্চায়েতের চর লবণগোলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিস এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আরিফ শেখ। বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার গোদাগারি থানার কানাপাড়ায়। শনিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, ওই যুবক এদেশে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই তাকে গ্রেপ্তার করা হয়। তবে বাড়ির মালিক হেলেন শেখ পলাতক। তার খোঁজ চলছে।
Advertisement
ভগবানগোলা থানার পুলিস জানিয়েছে, মাস ছয়েক আগে ভগবানগোলার সীমান্ত দিয়ে ওই যুবক মুর্শিদাবাদে অনুপ্রবেশ করে। তারপর থেকে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করছিল। সপ্তাহ খানেক আগে চর লবণগোলায় ফিরে এসে হেলেন শেখের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সুযোগ বুঝে আবার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল।



