Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিডিও কলের ওপারে স্বামী, রোমান্টিক কথা বলার মধ্যেই প্রেমিককে নিয়ে চম্পট 

ভিডিও কলের ওপারে স্বামী, রোমান্টিক কথা বলার মধ্যেই প্রেমিককে নিয়ে চম্পট 
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভিডিও কলে স্বামীর সঙ্গে রোমান্টিক কথাবার্তা চলাকালীন প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন এক যুবতী। স্ত্রী এভাবে ধোঁকা দেবে ভাবতে পারেননি ভূপতিনগর থানার উদবাদাল গ্রামের বছর সাতাশের ওই যুবক। কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে থাকেন। একটি ফুলের দোকানে ম্যানেজারের কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কল করে স্বামীর সঙ্গে রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করেন বধূ। তারপর আচমকা ওই যুবতীর ফোন সুইচ অফ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ওই যুবক স্ত্রীর খোঁজ পেতে শাশুড়িকে ফোন করেন। খোঁজ নিয়ে জানা যায়, রোমান্টিক কথাবার্তার মধ্যেই ফোন বন্ধ করে বছর তেইশের ওই যুবতী প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছেন। 
Advertisement
বৃহস্পতিবার দুপুরে ওই যুবক শাশুড়িকে সঙ্গে নিয়ে ভূপতিনগর থানায় যান। স্ত্রী তাঁকে ধোঁকা দিয়ে অন্যের হাত ধরে বাড়ি ছেড়েছে বলে ওই যুবক পুলিসকে জানান। সবটা শোনার পর অবাক পুলিস।
জানা গিয়েছে, উদবাদাল গ্রামের ওই যুবকের সঙ্গে ছ’বছর আগে এই থানারই দক্ষিণ বায়েন্দা গ্রামের ওই যুবতীর বিয়ে হয়। মাত্র ১৭বছর বয়সে ওই যুবতী প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন। তাঁদের পাঁচ বছরের একটি ছেলেও আছে। ওই যুবক কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। তাই উদবাদালে গ্রামের বাড়িতে স্ত্রী ও সন্তান থাকে। স্ত্রীর ফোন প্রায়শই ব্যস্ত থাকা নিয়ে মাঝেমধ্যে জিজ্ঞাসা করতেন ওই যুবক। ওই যুবকের মনে সন্দেহ হয়েছিল। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একাধিকবার স্ত্রীকে প্রশ্নও করেছিলেন। কিন্তু সেসব অস্বীকার করেছেন ওই যুবতী। স্বামী সন্দেহ করছে বুঝতে পেরে একটি নতুন ফোন কিনে অন্য নম্বরে প্রেমিকের সঙ্গে কথাবার্তা চলত। বৃহস্পতিবার পুলিসকে তা জানিয়েছেন ওই যুবক।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই যুবতী স্বামীকে ভিডিও কল করেন। উভয়ের মধ্যে কিছুক্ষণ রোমান্টিক কথাবার্তা চলে। স্বামীকে ভীষণ মিস করছেন বলেও জানান। এসব শোনার পর আগামী সপ্তাহে ওই যুবক বাড়ি আসবেন বলে জানান। তারপরই ফোন বন্ধ হয়ে যায়। 
স্ত্রীর আরেকটি ফোন নম্বর থাকার বিষয়টি ওই যুবকের জানা ছিল না। যদিও সেই ফোন নম্বর ওই যুবতীর মা জানতেন। শিলিগুড়ি থেকে ওই যুবক শাশুড়িকে ফোন করে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পারার বিষয়টি জানান। তখনই মেয়ের আরেকটি নম্বরে ফোন করেন ওই প্রৌঢ়া। যুবতী তাঁর মাকে জানান, তিনি প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছেন। তাই বাড়ি আর ফিরবেন না। খোঁজাখুঁজি করার দরকার নেই বলেও তিনি জানান।
মুগবেড়িয়ার দক্ষিণ বায়েন্দার পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা সাঁতরা বলেন, ওই যুবতীর বাপেরবাড়ি আমাদের গ্রামে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি পাঁচ বছরের ছেলেকে রেখে দিয়ে অন্য একজনের সঙ্গে বাড়ি ছেড়েছেন। স্বামী শিলিগুড়িতে থাকেন। বৃহস্পতিবার ওই যুবতীর মা, স্বামী থানায় যান। পুলিস জানিয়েছে, উদবাদাল গ্রামের এক বধূ নিখোঁজ আছেন। মিসিং ডায়েরি হয়েছে। তাঁর খোঁজ চলছে।
সম্পর্কিত সংবাদ