সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের যাত্রাডাঙার গ্রামে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ মালদহ থানার পুলিস উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত বধূর বাপের বাড়ি হালনা গ্রামে।
Advertisement
মৃতার পরিবারের দাবি, তাদের বাড়ির মেয়ের সঙ্গে প্রতিবেশী এক যুবকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। শনিবার সেই ভিডিও দেখার পরে অপমানে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বছর একুশের এই বধূ। মৃতার স্বামী চার মাস আগে ভিনরাজ্যে কাজে যান। তারপর থেকে বধূ শ্বশুরবাড়িতে একাই থাকতেন। ওই বধূর বাপের বাড়ি একই গ্রামে। মাঝে মধ্যে বাপের বাড়ি ঘুরতে যেতেন। মৃতার দিদির দাবি, গ্রামের ওই প্রতিবেশী যুবক চাকু দেখিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে বোনের সঙ্গে ভিডিও করেছে। এবং সেই ভিডিও ভাইরাল করেছে। এই মর্মান্তিক মৃত্যুর জন্য ওই যুবক দায়ী। মৃতার পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবে বলে জানিয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।



