সংবাদদাতা, কান্দি: এলাকায় কাজ করেও দিব্যি সংসার চলত। স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবেন। তাই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন মুম্বইয়ের নাসিক রোডের কাছে একটি কোম্পানিতে। তবে মঙ্গলবার সেখানে পথদুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মোজাহার হোসেন(৪২)। তাঁর বাড়ি ভরতপুর থানার ঝিকড়া গ্রামে। বহস্পতিবার দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে এলাকায়। মৃতের দেহ ছুঁয়ে স্ত্রী শপথ করলেন ছেলেকে ডাক্তার করে স্বামীর স্বপ্ন পূরণ করবেন।
মোজাহার সাহেব পাঁচবছর বয়স থেকেই মামার বাড়ি সালার থানার এঁড়েরা গ্রামে মানুষ। তবে বয়স ৩০ হওয়ার পর ঝিকড়া গ্রামে বসবাস শুরু করেন। প্রায় পাঁচবছর আগে মুম্বইয়ের একটি কোম্পানিতে যোগ দেন। সেখানে পাইপ লাইনের কাজ করতেন। এবছর ঈদের সময় তিনি গ্রাম থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। এরপর মঙ্গলবার কর্মস্থল থেকে বেরিয়ে দুপুরে খাওয়ার জন্য স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতের মা সিতারা বিবি বলেন, ছেলের এখানে কাজ করেও সংসার চলত। কিন্তু ওর স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবে। বেশি টাকা রোজগারের জন্যই মুম্বইয়ে যাওয়া। এবার নাতিকে কীভাবে ডাক্তার করব তা ভেবে পাচ্ছিনা। যদিও এদিন মৃত স্বামীর দেহ ছুঁয়ে স্ত্রী মিনি খাতুন ছেলেকে ডাক্তার তৈরি করে স্বামীর স্বপ্ন পূরণ করার শপথ নেন। তাতে শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দিতে রাজি। প্রসঙ্গত, ওই দম্পতির একমাত্র ছেলে মোজাহার হোসেন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। মৃতের দাদা আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর চোখের সামনেই ভাই ছটফট করে মারা গেল। এখন ভাইপোর স্বপ্ন পূরণ করাই আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।