নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেকের ৩৫১তম বর্ষ উপলক্ষ্যে বিশেষ ‘ভারত গৌরব’ ট্রেন চালাবে রেল। আজ, সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে যাত্রীবোঝাই ট্রেনটি রওনা দেবে। ছ’দিন-পাঁচ রাতের এই সফরে ইতিমধ্যেই ট্রেনের ১০০ শতাংশ আসন বুকিং হয়ে গিয়েছে। ৭১০টি আসনের মধ্যে ৪৮০ জন ইকোনমি (স্লিপার), ১৯০ জন কমফর্ট (৩এসি) এবং ৪০ জন সুপিরিয়র (২এসি) কোচে যাত্রা করবেন। শিবাজি মহারাজের সময়ের বিভিন্ন দুর্গ, ঐতিহাসিক স্থান ও তাঁর বীরত্বগাথার সঙ্গে জড়িত জায়গাগুলি এই বিশেষ ট্রেন যাত্রার অন্যতম আকর্ষণ। ভারতীয় রেল ও মহারাষ্ট্র সরকারের যৌথ উদ্যোগে বর্তমান প্রজন্মকে ‘ছত্রপতি শিবাজি মহারাজ সার্কিট’-এর সঙ্গে পরিচয় করাতেই এই অভিনব উদ্যোগ বলে জানানো হয়েছে। এই সফরে রায়গড় ফোর্ট, পানহালা ফোর্ট, লালমহল, কসবা গণপতি সহ এক গুচ্ছ ঐতিহাসিক স্থান ঘোরানো হবে। সেই সঙ্গে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ ও মহালক্ষ্মী মন্দির দর্শনের সুযোগ পাবেন যাত্রীরা।



