নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমশ কোণঠাসা হচ্ছেন ফুচবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তাঁর অপসারণ চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিলেন প্রাক্তন ফুটবলাররা। তাতে সই রয়েছে বাইচুং ভুটিয়া, রেনেডি সিং, দীপক মন্ডল সহ মোট ১৫জন প্রাক্তন তারকার। সর্বভারতীয় ফুটবল সংস্থার কাজে তাঁরা একেবারেই খুশি নন। সেকথা স্পষ্টভাবে জানিয়েছেন বাইচুংরা। উল্লেখ্য, ফিফা র্যাংকিংয়ে ১৪১ নম্বরে নেমে গিয়েছে ব্লু টাইগার্স। এর জন্য ফেডারেশনের পরিকল্পনার অভাবেই দায়ী করেছেন প্রাক্তনরা।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে পাঠানো চিঠিতে ফেডারেশনকে কার্যত তুলোধোনা করা হয়েছে। পরের পর অভিযোগে বিদ্ধ কল্যাণ চৌবে। বাইচুংরা লিখেছেন, ‘ভারতীয় দলের র্যাংকিং ক্রমশ নিম্নগামী। ফুটবলকে বাঁচাতে কোনো পরিকল্পনাই নেওয়া হয়নি। বর্তমানে ওলিম্পিকস আয়োজনের কথা ভাবছে ভারত। সেখানে ফুটবলের এমন দুর্দশা মানা যায় না।’ পাশাপাশি বলা হয়েছে, দেশের শীর্ষ লিগ আয়োজনে নানা অব্যবস্থা স্পষ্ট। জামশেদপুর এফসিও দল প্রত্যাহার করে নিয়েছে। ফুটবলারদের ভবিষ্যৎ অনিশ্চিত। এর জন্য দায়ী ফেডারেশনই।
ঘটা করে পানামা, ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ আয়োজন করেছিল ফেডারেশন। তাতে লাভের মুখ দেখা দূরের কথা, দেনার পাহাড়ে ডুবেছে এআইএফএফ। বাইচুং আগেই এমনটা আশঙ্কা করেছিলেন। সেটাই সত্যি হয়েছে। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা ফেডারেশনকে কে বাঁচাবেন? এখানেই শেষ নয়। ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে যুবভারতীর গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল। ফুটবলের মক্কায় এমনটা ভাবাও যায় না। পরিকল্পনাবিহীনভাবে ম্যাচ আয়োজনকেই দুষছেন বাইচুংরা। যোগ্য কাউকে ফেডরেশনের চেয়ারে বসানোর দাবি তুলেছেন প্রাক্তনরা। আগামী ২০ ডিসেম্বর এআইএফএফের নির্বাচন। বর্তমান সভাপতি কল্যাণ চৌবে কোনো রাজ্য সংস্থার মনোনয়ন পাননি। অভিজ্ঞ মহলের ধারণা, প্রাক্তনদের চিঠিতে কল্যাণের সমস্যা আরও বাড়ল।



