বিজেপি দপ্তরেও ভাইফোঁটার আয়োজন, তৃণমূল ভবনে ঋতব্রতদের অনুষ্ঠানে মমতার ভাই বাবুনকে ফোঁটা দিলেন চন্দ্রিমা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাইফোঁটার দিন দুই তৃণমূল শিবিরের দুই ছবি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। স্বাভাবিকভাবেই সেখানে নেতাদের ভিড় নেই। তবে বাইপাসের মেট্রোপলিটন এলাকার তৃণমূল ভবনে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে চন্দ্রিমা ভাইফোঁটা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায়, মদন মিত্র,শান্তনু সেনদের। তাৎপর্যপূর্ণভাবে সেখানে হাজির ছিলেন মমতার ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। বাবুনকে মঙ্গলবাবই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ঠিক তার পরদিন কালীঘাটে না গিয়ে মেট্রোপলিটনে বাবুনের উপস্থিতি ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। তৃণমূল ভবনের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরর ভূয়সী প্রশংসা করেন বাবুন। ঋতব্রতর বক্তব্য, ভাইফোঁটায় কালীঘাটে আমন্ত্রণ থাকত বাছাই করা কয়েকজনের। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য যে আয়োজন করেছিলেন, তাতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্যদিকে, কালীঘাটে মমতার বাড়ির চত্বর এবার শুনসান। মমতার ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি আমাদের অভিভাবক। তিনিই আমাদের ছোট থেকে বড়ো করে তুলেছেন। ফলে দিদির স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ না থাকলে মানুষ হতে পারতাম না। আর আমাদের পরিবারের অন্যরা কে, কে বলছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বাসঘাকতরা সুবিধা ভোগ করে চলে গিয়েছে। কে কার দালাল সব বাংলার মানুষ জেনে গিয়েছে। 

Advertisement

এদিকে, বিজেপির রাজ্য দপ্তরে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ খগেন মুর্মু, মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ভাইফোঁটা দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, মধুছন্দা কর। জাঁকজমক করেই ভাইফোঁটার অনুষ্ঠান হয়েছে বিজেপি দপ্তরে।