সংবাদদাতা, নবদ্বীপ: ফের ফুঁসছে ভাগীরথী। দু’-তিনদিন আগে জল বিপদসীমার অনেক নীচে নেমে গিয়েছিল। কৃষিজমি থেকে জল নেমে যাওয়ায় মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল ধানগাছ। চাষিরা যখন স্বস্তির নিশ্বাস ফেলা শুরু করেছেন তখনই কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভাগীরথীর জল নতুন করে বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। ইতিমধ্যে জল ঢুকে নবদ্বীপ ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি আবারও জলমগ্ন হয়ে গিয়েছে। ফলে চরম উৎকণ্ঠায় রয়েছেন চাষিরা। জল বেড়ে যাওয়ায় ফেরিঘাট কর্তৃপক্ষ যাত্রীদের চলাচলের বাঁশের মাচাও উঁচু করছে। ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে জল আরও বাড়লে মায়াপুর ট্যাকের ঘাট লঞ্চঘাটের কাছে স্থানান্তরিত করা হবে। সবমিলিয়ে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী, পড়ুয়া থেকে শুরু করে পুণ্যার্থী ও পর্যটকদের।
সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, ভাগীরথী নদীর জলের উচ্চতার বিপদসীমা ৮.৪৪ মিটার। আর চরম বিপদসীমা ৯.০৫ মিটার। গত ৯ আগস্ট, শনিবার বিকেল ৪টে পর্যন্ত ভাগীরথীর জলের উচ্চতা সর্বোচ্চ ৮.৯৯ মিটার ছিল। তারপর থেকে ধীরে ধীরে জল কমতে থাকে। গত ২১ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জলের উচ্চতা ৮.১৯ মিটার পর্যন্ত নেমেছিল। ২২আগস্ট শুক্রবার থেকে অতি বর্ষণের ফলে ধীরে ধীরে ফের জল বাড়তে থাকে। ২৪ আগস্ট, রবিবার রাত ৮টায় জলের উচ্চতা বিপদসীমা স্পর্শ করে। ২৫ আগস্ট, সোমবার বিকেল ৪টে পর্যন্ত ভাগীরথীর জলের উচ্চতা ৮.৬৩ মিটার ছিল। অর্থাৎ জল বিপদসীমার ০.১৯ মিটার উপর দিয়ে বইছে।
নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতির সভাপতি শশাঙ্ক হালদার বলেন, দু’-তিনদিন আগে জল অনেকটাই কমে গিয়েছিল। দু’দিন ধরে ফের জল বাড়ায় প্রতিটি ফেরিঘাটের বাঁশের মাচার উপর দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীরা সমস্যায় পড়ছেন। জল বাড়া-কমা করলেই ফেরিঘাটের মাচার অবস্থান পরিবর্তন করতে হয়। নবদ্বীপ, স্বরূপগঞ্জ, মায়াপুর সহ সমস্ত ফেরিঘাটের বাঁশের মাচা উঁচু করতে হয়েছে। আরও জল বাড়লে মায়াপুর ট্যাকের ঘাটকে মায়াপুর বাসস্ট্যান্ড সংলগ্ন লঞ্চঘাটে সরিয়ে নিয়ে যেতে হবে।
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ বলেন, ফের ভাগীরথীর জল বাড়ায় নদী তীরবর্তী এলাকায় প্রায় ৭০০ হেক্টর জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। কয়েকদিন আগে জল বেড়ে গিয়ে আগেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফের জল বাড়ায় যেটুকু ফসল অবশিষ্ট ছিল, সেটারও ক্ষতি হয়ে যাবে। কয়েকদিন আগে জল কমে যাওয়ায় চাষিরা একটু আশার আলো দেখেছিলেন। অবশিষ্ট ফসলে এবার পচন ধরে যাবে। বিশেষ করে মায়াপুর-বামুনপুকুর-১ ও ২ নম্বর পঞ্চায়েতের ও মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের বেশকিছু কৃষিজমি প্লাবিত হয়েছে। অতিবৃষ্টি হয়ে নদীর জল বাড়লে পরিস্থিতি সামলানো মুশকিল হবে। জলমগ্ন নবদ্বীপের একাংশ। সোমবার সমীর সাহার তোলা ছবি।