Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহু উপভোক্তার মৃত্যুতে শরিকি বিবাদ, বিপাকে জেলা প্রশাসন

বহু উপভোক্তার মৃত্যুতে শরিকি বিবাদ, বিপাকে জেলা প্রশাসন
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আবাস যোজনায় বাড়ি পেতে বা‌‌ইক আর বাধা নয়। কেন্দ্রীয় ফরমান উড়িয়ে মানবিক সিদ্ধান্ত রাজ্যের। সোমবার শেষ হয়েছে রাজ্য সরকারের আবাস যোজনার যাচাইপর্ব। প্রশাসনিক সূত্রের খবর, তালিকায় নাম থাকা বহু পরিবারের মাটির বাড়ি রয়েছে। কিন্তু অত্যন্ত প্রয়োজনে একটি বাইক রয়েছে। সেই সব উপভোক্তার নাম বাতিলের তালিকায় ফেলা হয়নি। যার জেরে বহু উপভোক্তা স্বস্তি পেয়েছেন। পশ্চিম বর্ধমান জেলায় সার্ভের কাজ ৯৫শতাংশ হয়ে গিয়েছে। ১০০শতাংশ কাজ সম্পন্ন করতে বাধ সেধেছে ভাইয়ে ভাই঩য়ে বিবাদ। আবাস তালিকায় নাম থাকা উপভোক্তার মৃত্যু হলে পরিবারের একজনের ওই বাড়ি পাওয়ার কথা। কে সেই বাড়ি নেবে তা নিয়ে অনেক পরিবারেই বিবাদ চলছে। শরিকি এই বিবাদের পাশাপাশি তালিকায় নাম থাকা কিছু পরিবার অন্যত্র চলে যাওয়ায় এখনও ১৮০০টি বাড়ি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। 
Advertisement
জেলাশাসক পোন্নমবলম এস বলেন, আমাদের জেলায় সার্ভের বেশিরভাগ কাজই হয়ে গিয়েছে। তালিকায় নাম থাকা উপভোক্তার মৃত্যু ও এখান থেকে অন্যত্র চলে যাওয়ার কিছু ঘটনা রয়েছে। সেগুলির সার্ভে এখনও শেষ হয়নি। 
বারাবনি হাট বা আসানসোলের গোপালপুরের সব্জি বাজার। বিক্রেতারা ছোট ছোট বাইকে হাটে সব্জি বিক্রি করতে আসেন। তাঁদের অনেকের পরনেই ছেঁড়া পোশাক। কেন্দ্রের চোখে তাঁরাও ধনী! কারণ আবাস বাড়ি পেতে গেলে একটি বাইক বা টিভিও থাকা চলবে না। রাজ্য সরকার যে আবাসের টাকা দেবে তাতেও এই নিয়মের গেরো থাকবে কিনা তা নিয়ে অনেকে সংশয়ে ছিলেন। এমনকী সার্ভে হয়ে যাওয়ার পরও বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে বাড়িতে থাকা বাইকটা দেখে তালিকা থেকে নাম বাদ যাবে না তো? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাইক থাকলেও উপভোক্তার নাম বাদ যাবে না। এতে অনেকেই আশ্বস্ত হয়েছেন। রাজ্য সরকার কোন বাড়ি পাকা তা নিয়েও নমনীয় অবস্থান নিয়েছে। ইটের উপর মাটির গাঁথনিকে পাকা বাড়ি ধরা হচ্ছে না। ইটের উপর সিমেন্টের গাঁথনি দিয়ে একাধিক দেওয়াল থাকলেই তা পাকা বাড়ি হিসেবে ধরা হচ্ছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, বাইক থাকলে আগে কেন্দ্রের নির্দেশমতো আবাস প্রকল্পের তালিকা থেকে নাম বাদ যেত। কিন্তু রাজ্য সরকার অনেক নমনীয় ও মানবিক। রাজ্যের মানসিকতাই হল যাতে কোনওভাবেই উপযুক্ত ব্যক্তি তালিকা থেকে বাদ না পড়েন। আবাস সার্ভের নতুন নির্দেশে বাইক থাকলেও উপভোক্তার নাম বাদ যাবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।   
রাজ্য নমনীয় হলেও অনেক ক্ষেত্রেই গরিব মানুষের বাড়ি পেতে বাধা হয়ে যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরাই। জানা গিয়েছে, আবাস তালিকায় নাম থাকা উপভোক্তার মৃত্যু হলে সেই বাড়ি কে নেবেন তা নিয়ে বিবাদ হচ্ছে। কোন এক ছেলে বা এক মেয়ে তা পেতে তৎপর হলেও বাকি অংশীদাররা ‘নো-অবজেকশন’ শংসাপত্র দিচ্ছেন না। যার ফলে সেইসব বাড়িগুলি নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে।
সম্পর্কিত সংবাদ