সংবাদদাতা, ডোমকল: প্রথমে ভুয়ো পরিচয়পত্র দিয়ে তোলা হতো সিমকার্ড। পরে হাতবদল হয়ে তা পৌঁছে যেত সাইবার প্রতারকদের কাছে। বিভিন্ন জায়গায় বসে সেইসব ভুয়ো সিম ব্যবহার করে চলতে সাইবার জালিয়াতি। দেখা যেত অনেকক্ষেত্রেই ভুয়ো ওই সিমগুলি তোলা হতো রানিনগর ও ইসলামপুর থানা এলাকার একাধিক রিটেলারের কাছ থেকে। এবার সেইসব রিটেলারদের চিহ্নিত করে তাদের নামে মামলা দায়ের হল রানিনগর থানায়। সূত্রের খবর, রানিনগর থানা এলাকার ৩২জন রিটেলারের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শনিবার জেলা পুলিসের নির্দেশে রানিনগর থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে তাদের নামে। পাশাপাশি ইসলামপুর থানা এলাকায়ও ১৫জন রিটেলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইসব রিটেলার বেশিরভাগ সময়ই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সিম তুলত। পরবর্তীতে ওই সিম পৌঁছে যেত সাইবার জালিয়তদের হাতে। ধাপে ধাপে ওই সিম ব্যবহার করে চলত সাইবার জালিয়াতি।



