Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুয়ো রসিদ দিয়ে ৭৭ হাজার আত্মসাৎ পুরকর্মীর, শোকজ, থানায় অভিযোগ

ভুয়ো রসিদ দিয়ে ৭৭ হাজার আত্মসাৎ পুরকর্মীর, শোকজ, থানায় অভিযোগ
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: বাড়ির প্ল্যান পাশের জন্য আবেদনকারীকে ভুয়ো রসিদ দিয়েছে পুরসভার কর্মচারী। প্রায় ৭৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে ওই আবেদনকারীর কাছ থেকে। অভিযুক্ত কর্মচারীকে শোকজ করেছে দিনহাটা পুরসভা। তাকে দায়িত্ব থেকেও সরানো হয়েছে। এ নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে পুর কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করছে দিনহাটা থানা। 
Advertisement
দিনহাটা পুরসভা ২ নম্বর ওয়ার্ডে নতুন একটি বাড়ি তৈরি হচ্ছিল। পুরসভার কাছ থেকে কোনও অনুমতি দেওয়ার তথ্য ছিল না স্থানীয় কাউন্সিলার চঞ্চল সাহার কাছে। বাড়ির মালিকের কাছ থেকে পুরসভার অনুমতিপত্র সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সেই সময় বাড়ির মালিক তাঁকে পুরসভার অনুমতিপত্র দেখান। সেই কাগজ দেখে সন্দেহ হয় কাউন্সিলারের। সেগুলি পুরসভায় নিয়ে এসে যাচাই করে দেখা হয়। পুরসভার নামে দেওয়ার রসিদের সঙ্গে দপ্তরে থাকা তথ্যর কোনও মিল নেই। বাড়ির মালিক পুরসভাকে জানান নিয়ম মেনেই তিনি আবেদন করেছিলেন। সাড়ে ৭৭ হাজার টাকা জমা করেছিলেন পুরসভার নির্দিষ্ট বিভাগে। পুরসভার থেকে প্রায় ৬৫ হাজার টাকার রসিদ দেওয়া হয়েছে তাঁকে। বাড়ির প্ল্যান পাশে পুরসভার চেয়ারম্যান ও এক  ইঞ্জিনিয়ারের সই রয়েছে। পুরসভার এক কর্মচারী তাঁকে ওই রসিদ দিয়েছেন বলে লিখিতভাবে জানিয়েছেন তিনি। 
ঘটনা জানাজানি হতেই জিজ্ঞাসাবাদ করা হয় ওই পুরকর্মীকে। সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ওই পুরকর্মীকে শোকজ করা হল। এদিনই ওই কর্মীর নামে দিনহাটা থানায় অভিযোগ করে পুরসভা। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চঞ্চল সাহা বলেন, আমার ওয়ার্ডে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। সেই বাড়ি তৈরি করার অনুমোদন বিষয়ে পুরসভায় কোনও তথ্য ছিল না। বাড়ির মালিককে বিষয়টি জানাই। তখন তিনি পুরসভার অনুমতিপত্র সহ একাধিক কাগজ আমাকে দেখান। সেগুলি সম্পর্কে আমার সন্দেহ হয়। পুরসভায় যাচাই করে জানা যায় সবগুলি কাগজই ভুয়ো। পুরসভার এক কর্মচারী তাঁকে ওই কাগজ দিয়েছিলেন। 
তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী বলেন, অভিযুক্ত পুরকর্মচারীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে শোকজ করা হয়েছে। দিনহাটা পুরসভার এগজিকিউটিভ অফিসার অলোককুমার সেন বলেন, বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, থানার আইসি জয়দীপ মোদক বলেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ