Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো পরিচয়ে বসবাস, বাংলাদেশি  তিন অনুপ্রবেশকারী ধৃত বারাসতে

ভুয়ো পরিচয়ে বসবাস, বাংলাদেশি  তিন অনুপ্রবেশকারী ধৃত বারাসতে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো চক্র চলছে। এই চক্রের চারজনকে আগেই গ্রেপ্তার করেছিল বারাসত থানার পুলিস। এবার চক্রের আরও একজনকে ধরল তারা। ধৃতের নাম সাবির আলি (৩৫)। বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। পাশাপাশি জাল পরিচয়পত্র বানিয়ে বছরখানেক ধরে বারাসতের নবপল্লিতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি মহিলা ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই চক্রে ধৃত সমীর দাসকে নিজেদের হেফাজতে নিয়েই সাবিরের নাম জানতে পারে পুলিস। মঙ্গলবার রাতে তদন্তকারীদের কাছে খবর আসে বারাসতের হেলাবটতলা মোড় সংলগ্ন এলাকায় অভিযুক্ত রয়েছে। সেখানে থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
একইভাবে পুলিস আরও জানতে পারে, চট্টগ্রামের বাসিন্দা মুনমুন ভট্টাচার্য ও তাঁর দুই ছেলে অমিত ও প্রমিথ এই চক্রের সহায়তায় জাল পরিচয়পত্র বানিয়ে বারাসতের নবপল্লিতে রয়েছেন। সেখানে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুনমুনের হেফাজত থেকে বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করেছে পুলিস। তাঁদের জেরা করে পুলিস জানতে পারে, জাল পরিচয়পত্র বানিয়ে এক বছর ধরে এখানে রয়েছেন তাঁরা। আর কতজন বাংলাদেশি এভাবে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এদেশে রয়েছেন, এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত, সেসব এখন জানতে চায় পুলিস। বুধবার তাই ধৃত চারজনকে বারাসত আদালতে তোলা হলে প্রত্যেকের চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ