নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।’ শুক্রবার পানাগড় দুর্ঘটনা কাণ্ডে গ্রেপ্তার বাবলু যাদব আদালতে আসার পথে এই মন্তব্যই করেন। রবিবার রাতে পানাগড়ে দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। বাবলু যাদবের গাড়ির সঙ্গেই সুতন্দ্রার গাড়ির সংঘর্ষ হয় বলে অভিযোগ। তারপর থেকেই বাবলুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার অণ্ডাল থেকে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। এদিন অভিযুক্তকে দুর্গাপুর আদালতে তোলা হয়। পুলিস তাঁকে সাতদিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানায়। অভিযুক্তর আইনজীবী জামিনের জন্য সওয়াল করেন। বিচারক বাবলুর দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এসিপি সুমন জয়সওয়াল বলেন, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



