নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সুদূর রাজস্থান থেকে শিলিগুড়িতে এসে বিভিন্ন বাজার এলাকায় ভুয়ো নথি দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠল কয়েকজন মহিলার বিরুদ্ধে। রবিবারও শিলিগুড়ির বিধান মার্কেটে ওই মহিলারা হাতে রাজস্থানের কোনও এক অনাথ আশ্রমের নথি নিয়ে টাকা তোলার চেষ্টা করে। সেই সময় কয়েকজন যুবক তাদের বাধা দিলে এলাকা ছেড়ে চম্পট দেয়। শুধুমাত্র বিধান মার্কেট নয়, শহর ও সংলগ্ন এলাকাতে একইভাবে ওই মহিলারা টাকা তুলছে। বাধা দিতে গেলে বচসা এমনকী হাতাহাতিতেও জড়িয়ে পড়ছে তারা। এই বিষয়ে পুলিসি হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা। যদিও পুলিসের দাবি, এখনও পর্যন্ত কোনও থানায় এমন অভিযোগ জমা পড়েনি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমাদের কাছে অভিযোগ এলে নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা হবে।



