দুবাই: ম্যাচের মাঝে হঠাৎ কান্না জুড়ে দিলেন এমা রাডুকানু। ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ার আম্পায়ারকে জানালেন, ‘ওই লোকটা গ্যালারিতে থাকলে আমি খেলব না!’ মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে। জানা যায়, গ্যালারিতে এক ব্যক্তিকে দেখে বিব্রত বোধ করেন ব্রিটিশ টেনিস তারকা। ভয়ে কেঁদে ফেলেন তিনি। রাডুকানুর অভিযোগ, ওই ব্যক্তি আগের ম্যাচেই তাঁকে উত্যক্ত করেছিলেন। সবকিছু শোনার পর চেয়ার আম্পায়ার নির্দেশ দেন নিরাপত্তা রক্ষীদের। সেই মতো ওই ব্যক্তিকে গ্যালারি থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা লেখানো হয় যে, ভবিষ্যতে রাডুকানুর ধারেকাছে ঘেঁষার চেষ্টা করবেন না তিনি। একই সঙ্গে জারি করা হয় দুবাই ওপেনে তাঁর খেলা দেখার উপর নিষেধাজ্ঞা। এই ঘটনার পর বাড়ানো হয় ২২ বছরের রাডুকানুর নিরাপত্তা।



