নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: পদপিষ্টের ঘটনায় নতুন পদক্ষেপ নয়াদিল্লি রেল স্টেশনের। দুর্ঘটনা এড়াতে এবার প্ল্যাটফর্ম টিকিট বিক্রিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। নতুন এই নিয়ম লাগু থাকবে ১৭-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৬ ফেব্রুয়ারি কুম্ভমেলার শেষ দিন। ওই দিন পর্যন্তই নয়াদিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। সমস্ত পরিস্থিতি বিচার করে এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের স্টেশনে ছাড়তে আসার জন্য পরিবারের একাধিক ব্যক্তিরাও তাঁদের সঙ্গে স্টেশনে আসেন। তার ফলে ভিড় বেড়ে যায়। পদপিষ্টের ঘটনার দিনও প্রচুর মানুষ তাঁদের পরিজনদের ট্রেনে তুলতে এসেছিলেন। প্ল্যাটফর্মে সেই অবাঞ্ছিত বাড়তি ভিড় এড়াতেই আপাতত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এরপরও কোনও যাত্রীকে যদি তাঁর পরিজনেরা স্টেশনে তুলতে আসেন এবং প্ল্যাটফর্ম টিকিট ছাড়াই ভিতরে ঢোকেন তাহলে তাঁদের জরিমানা করা হবে। বিষয়টি নিয়ে রেলের এক মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, দিল্লির স্টেশন চত্বরে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আগামী এক সপ্তাহ বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের বিক্রি বন্ধ থাকবে।
Advertisement
উল্লেখ্য, গত শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই রেলের পক্ষ থেকে এই প্ল্যাটফর্ম টিকিট বন্ধের অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্টেশন চত্বরে অতিরিক্ত আরপিএফ এবং পুলিস কর্মীও মোতায়েন করা হয়। এর আগে গতবছরের নভেম্বর মাস নাগাদ মহারাষ্ট্রের বান্দ্রা স্টেশনে দীপাবলির সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড় হয়েছিল দেশের একাধিক রেল স্টেশনগুলিতে। এরপরই নর্দান রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, কিছুদিনের জন্য নয়াদিল্লি, পুরানো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার এবং দিল্লি সরাই রোহিল্লা স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হবে।



